কঠিন চাপে জুলেন লোপেতেগি। রিয়াল মাদ্রিদ কোচের শুরুটা দারুণ হলেও গত দুই সপ্তাহ শুধু হতাশাই সঙ্গী হয়েছে। সিএসকেএ’র বিপক্ষে ১-০ গোলের হারের আগে লা লিগার সবশেষ দুই ম্যাচে একবারও লক্ষ্যভেদ করতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। এর মানে টানা তিন ম্যাচ গোলহীন মাদ্রিদের অভিজাতরা। ২০০৭ সালের পর এমন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে তাদের।
মস্কোর লুজনিকি স্টেডিয়ামের ম্যাচে স্বাগতিক সিএসকেএ দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় নিকোলা ভ্লাসিচের গোলে। ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়ে আক্রমণের পর আক্রমণ চালিয়েও গোলটা শোধ করতে পারেনি তারা। কাসেমিরো, করিম বেনজিমা ও মারিয়ানো দিয়াসের শট পোস্টে লেগে প্রতিহত হয়ে আক্ষেপ আরও বাড়িয়েছে ইউরোপ চ্যাম্পিয়নদের।
২০০৭ সালের জানুয়ারির পর টানা তিন ম্যাচ গোলহীনভাবে থাকায় রিয়াল কোচ লোপেতিগের ওপর চাপ আরও বেড়েছে। যদিও মদরিচ ঝামেলার কিছু দেখছেন না। খারাপ সময় কাটিয়ে ‘লস ব্লাঙ্কোস’ ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস ক্রোয়েট মিডফিল্ডারের।
সিএসকেএ’র বিপক্ষে শুরুতে বেঞ্চে থাকা মদরিচ বলেছেন, ‘এটা মোটেও কোনও ঝামেলা নয়, তবে আমাদের যেভাবে পারফর্ম করা উচিত, সেটা করতে পারছি না। কোনও সন্দেহ নেই আমরা জয়ের ধারায় ফিরব।’ প্রতিপক্ষের প্রশংসাও করলেন পরের কথায়, ‘আজ (মঙ্গলবার) রাতে সিএসকেএ দেখিয়েছে তারা কতটা গোছানো দল এবং ওদের কত ভালো মানের খেলোয়াড় আছে। ওরা ওদের সুযোগ কাজে লাগিয়েছে, আমরা আমাদেরটা পারিনি।’
গত সপ্তাহান্তে রিয়াল তাদের নগরপ্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তার আগে সেভিয়ার মাঠ থেকে ফিরেছিল ৩-০ গোলে হেরে। এই কঠিন সময় কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে শনিবার, যখন দেপোর্তিভো আলাভেসের মাঠে খেলতে নামছে রিয়াল। গোল ডটকম