মেসির জোড়ায় টটেনহামকে হারালো বার্সেলোনা

মেসির গোল উদযাপনলিওনেল মেসি জ্বলে উঠলেন আরেকবার, তাতে বার্সেলোনাকে পাওয়া গেল চেনা রূপে। চ্যাম্পিয়নস লিগে টটেনহামের বিপক্ষে তাই জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। ওয়েম্বলি স্টেডিয়ামে মেসির জোড়া লক্ষ্যভেদে ৪-২ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

লা লিগায় গত কয়েক ম্যাচে খুব ভুগতে হয়েছে বার্সেলোনাকে। লেহানেসের বিপক্ষে তো হেরেই গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন কাতালানরা নেমেছিল শক্তিশালী টটেনহামের বিপক্ষে। মেসি জাদুতে আবার চেনা রূপে ফিরেছে তারা। টটেনহামকে তাদেরই মাঠে হারিয়ে এসেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলের আগে লক্ষ্যভেদ করেছে্ন ফিলিপে কৌতিনিয়ো ও ইভান রাকিতিচ।

ওয়েম্বলি স্টেডিয়ামের ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন কৌতিনিয়ো। উইঙ্গারের ভূমিকায় নামা এই ব্রাজিলিয়ান বক্সের বাইরে থেকে করেন লক্ষ্যভেদ। জোর্দি আলবার ক্রস থেকে নিজের স্বভাবসুলভ বাঁকানো শটে বল জড়ান জালে।

২৮ মিনিটে কৌতিনিয়ো অ্যাসিস্টের ভূমিকায়। তার পেছনে ঠেলে দেওয়া বলে রাকিতিচের গোলটি ছিল দেখার মতো। লাফিয়ে ওঠে ভলিতে ক্রোয়েট মিডফিল্ডার যে গোলটি করলেন, সেটা ফুটবলপ্রেমীরা স্মৃতিতে সাজিয়ে রাখবেন অনেকদিন।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এগিয়ে যেতে পারতো, কিন্তু মেসির শট পোস্টে লেগে প্রতিহত হলে তা হয়নি। তবে ৫২ মিনিটে খেলা জমিয়ে দেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকার চমৎকার গোল করে ব্যবধান নামিয়ে আনেন ২-১-এ।

তবে স্বাগতিকদের উৎসব বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি। ৫৬ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদ করে্‌ আবারও দুই গোলের ব্যবধানে নিয়ে যান স্কোরলাইন। জোর্দি আলবার ক্রস থেকে লুই সুয়ারেসের ডামিতে বক্সের ভেতর থেকে প্লেসিং শটে করেন লক্ষ্যভেদ। তবে ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে এরিক লামেলার গোলে আবারও খেলায় ফেরার ইঙ্গিত দেয় টটেনহাম।

যদিও নির্ধারিত সময়ের শেষ মিনিটে মেসির দ্বিতীয় লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে বার্সেলোনা। আলবার তৃতীয় অ্যাসিস্টে মেসির পান নিজের দ্বিতীয় গোল।

আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদও জয় নিয়ে ছেড়েছে মাঠ। ঘরের মাঠে আন্তোয়ান গ্রিয়েজমানের জোড়া লক্ষ্যভেদে ৩-১ গোলে হারিয়েছে তারা ক্লাব ব্রুজকে। ২৮ মিনিটে প্রথমবার লক্ষ্যভেদ করার পর গ্রিয়েজমান দ্বিতীয়বার জাল খুঁজে ‍পান ৬৭ মিনিটে। আর মাদ্রিদের ক্লাবটির হয়ে তৃতীয় গোলটি করছেন কোকে, দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।

চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল নাপোলি-লিভারপুল। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচটি জিতে নিয়েছে নাপোলি। ঘরের মাঠে তারা ইংলিশ ক্লাবটিকে হারিয়েছে ১-০ গোলে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইতালিয়ান ক্লাবটির জয় নিশ্চিত করেন লরেঞ্জো ইনসিগনে।

আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ২-১ গোলে জিতে ফিরেছে পিএসভি আইন্দহোফেনের মাঠ থেকে। গোল ডটকম