বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত

কমলাপুর স্টেডিয়ামে খুলনা-সিলেটের লড়াইজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। ঢাকার পর শেষ চারে জায়গা করে নিয়েছে রাজশাহী, খুলনা ও রংপুর।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হয়েছে তিনটি কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে রাজশাহী টাইব্রেকারে ৪-২ গোলে ময়মনসিংহকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ছিল। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের নাইম হোসেন।

দ্বিতীয় ম্যাচে খুলনা ২-১ গোলে জিতেছে সিলেটের বিপক্ষে। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে খুলনার মিনহাজুল করিম স্বাধীনের হাতে।

দিনের শেষ ম্যাচে রংপুর ২-০ গোলে চট্টগ্রামকে হারিয়েছে। জোড়া গোল করে শামীম ইসলাম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

আগের দিন বরিশালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ঢাকা খেলবে রাজশাহীর বিপক্ষে। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে খুলনার প্রতিপক্ষ রংপুর।