ছাগলনাইয়া থানার ওসি এমএম মোরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।
ইকবালের বাবা রফিকুল ইসলাম ছেলের মৃত্যুতে দিশেহারা। সুস্থ অবস্থায় প্রতিদিনের মতো অনুশীলনে গিয়েছিলেন ফেনী সকারের এই স্ট্রাইকার, কিন্তু বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ইকবালের বাবা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুশীলন শেষে রাতে বাড়িতে ফিরে আসছিলেন ইকবাল। কিন্তু ঘরের দরজার সামনে এসে পড়ে যান তিনি।
ইকবালের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবারে। তার মৃত্যুর খবর পেয়ে ক্রীড়াঙ্গনের লোকজন ছুটে যান হাসপাতালে। এই মৃত্যুর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছেন কিনা, তা তদন্ত করে দেখতে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন স্বজনেরা।
৩০ বছর বয়সী ইকবাল মৃত্যুর আগ পর্যন্ত ফেনী সকারের হয়ে মাঠ মাতিয়েছেন। তার আগে মোহামেডান ও মুক্তিযোদ্ধার মতো বড় দলের হয়ে খেলেছেন তিনি।