ছাঁটাই হচ্ছেন লোপেতেগি, রিয়ালে আসছেন কন্তে

জুলেন লোপেতেগি (বাঁমে) ও আন্তোনিও কন্তেআগের পারফরম্যান্স তবু হজম করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ সমর্থকরা, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এমন লজ্জাজনক হার তারা মানবে কিভাবে! অসহায় আত্মসমর্পণের দৃশ্য রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকেও দিয়েছে নাড়িয়ে। বিদায় ঘণ্টা শুনতে পাওয়া কোচ জুলেন লোপেতেগিকে আজই (সোমবার) বরখাস্ত করা হবে বলে খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমের।

ন্যু ক্যাম্পের ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরেছে ৫-১ গোলে। চলতি মৌসুমে কতটা কঠিন সময় পার করছে মাদ্রিদের অভিজাতরা, সেই ছবিটা যেন আরও স্পষ্ট হয়ে গেছে ন্যু ক্যাম্পের ছন্নছাড়া পারফরম্যান্সে। আগে থেকেই প্রচণ্ড চাপে থাকা লোপেতেগির চূড়ান্ত পরিণতি তাই দেখা গেছে লুই সুয়ারেসের হ্যাটট্রিককে মোড়ানো ম্যাচে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’-এর খবর, লোপেতেগির ওপর আর আস্থা রাখতে পারছে না রিয়াল, সোমবার তাকে ছাঁটাই করা হবে। একই সঙ্গে নতুন কোচ হিসেবে আন্তোনিও কন্তের নামও ছেপেছে সংবাদমাধ্যমটি।

শুধু গোল ডটকম নয়, রিয়াল মাদ্রিদের খবরের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘মার্কা’রও একই প্রতিবেদন, ‘সোমবার ছাঁটাই হচ্ছেন লোপেতেগি, রিয়ালের দায়্ত্বি নিচ্ছেন আন্তোনিও কন্তে’।

এ নিয়ে টানা তিনটি লা লিগা ম্যাচ হারলো ‘লস ব্লাঙ্কোস’। ২০০৯ সালের পর লিগে এবারই প্রথম এমন খারাপ পরিস্থিতির সামনে পড়েছে তারা। অবস্থা এতটাই বেগতিক যে, এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে তারা শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থেকে।

দলের এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সোমবার ‘জরুরি’ বৈঠক ডেকেছে। ইউরোপিয়ান মিডিয়ার খবর, এই সভাতেই লোপেতেগিকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেবে তারা। আর সভা শেষ হওয়ার পরপরই তাকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ‘গোল ডটকম’কে রিয়ালের একটি সূত্র নিশ্চিত করেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমরা এই ধরনের পরিস্থিতিকে আর বড় হতে দিতে পারি না।’

যদিও লোপেতেগি আশা হারাচ্ছেন না। বার্সেলোনার বিপক্ষে ৫-১ গোলের হারের পরও চেয়ারে টিকে থাকার ব্যাপারে ছিলেন আত্মবিশ্বাসী, ‘এই মুহূর্তে আমি বিষণ্ন, তবে এই দলের দায়িত্বে থাকার শক্তি আমার আছে। এটা কঠিন এক ধাক্কা, যদিও ঘুরে দাঁড়াতে কী করতে হবে, সেটা জানা আছে আমার।’

বরখাস্ত হলে লোপেতেগির কোচিং ক্যারিয়ারে লাগবে আরেকটি বড় খাক্কা। গত জুনে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে স্পেন জাতীয় দল থেকে বরখাস্ত হতে হয়েছিল তাকে। বিশ্বকাপের আগে রিয়ালের সঙ্গে চুক্তি করার শাস্তি দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যে দলের দায়িত্ব নিতে এত বড় শাস্তি পেয়েছিলেন, সেই রিয়ালের আসার চার মাসের মধ্যে শেষ হতে চলেছে তার অধ্যায়।

‘গোল ডটকম’ ও ‘মার্কা’ এটাও জানিয়েছে, নতুন কোচ হিসেবে রিয়াল দায়িত্ব দিতে যাচ্ছে কন্তেকে। চেলসির সাবেক এই কোচের সঙ্গে নাকি ইতিমধ্যে যোগাযোগ করেছে মাদ্রিদের কর্তৃপক্ষ। আজই ইতালিয়ান কোচের মাদ্রিদে আসার খবর জোর আলোচনা চলছে স্প্যানিশ মিডিয়ায়। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর বেকারই আছেন জুভেন্টাস ও ইতালির সাবেক এই কোচ। গোল ডটকম, মার্কা