‘প্রতিশোধ’ নিয়ে খুশি বাংলাদেশ কোচ

বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজ (ডানে)ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের গত আসরের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দলটিকেই এবার ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজরা। বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজের খুশি তাই একটু বেশিই।

গত আসরের প্রতিশোধ নেওয়ার কথাই উচ্চারিত হলো তার কণ্ঠে, ‘গত বছর একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমাদের। এই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলেই আমরা নেপালের কাছে ৪-২ গোলে হেরেছিলাম। সেই প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় ছিলাম। এবার সেটা করতে পেরে আমি খুশি।’

৩৪ মিনিটে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়। এরপরই শিষ্যদের কাছে কোচের নির্দেশনা ছিল- প্রতিআক্রমণ নির্ভর খেলার। সেই অনুযায়ী খেলে জয় নিশ্চিত করার পর মোস্তফা নিজেই জানালেন কথাটি, ‘আমিও পরিস্থিতি অনুযায়ী ছেলেদের প্রতিআক্রমণ নির্ভর খেলার নির্দেশনা দিয়েছিলাম। ছেলেরা সেভাবে খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আমাদের ১০ জনের দলের বিপরীতে ওরা সুযোগ কাজে লাগাতে বারবার চাপ দিতে থাকে। সেটা প্রতিহত করে আমরা প্রতিআক্রমণ নির্ভর খেলেছি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যাই।’

বাংলাদেশের প্রথম গোলদাতা ইবনে আহাদ শাকিল। প্রথম গোল পেয়ে উচ্ছ্বসিত এই মিডফিল্ডার, ‘আমি অনেক খুশি দলের জন্য গোল করতে পেরে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। গ্রুপ পর্বে সেরা হওয়ার জন্য জয়টা বেশ দরকার ছিল।’

জয়সূচক গোলদাতা রাজন হাওলাদারের বক্তব্য, ‘আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম গোল। প্রতিটি ম্যাচে সেরাটা দিয়ে খেলি। এখন বেশ ভালো লাগছে। ভারতের সঙ্গে সেভাবেই প্রস্তুতি নিয়েই মাঠে নামব।’