কোপা লিবার্তাদোরেসে ঐতিহাসিক ‘সুপার ক্লাসিকো’

বোকা জুনিয়র্সের ফাইনালে ওঠার আনন্দলাতিন আমেরিকার ফুটবল ইতিহাসে যা কখনও হয়নি, এবার সেটাই দেখতে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ ‘সুপার ক্লাসিকো’র মঞ্চ তৈরি হয়ে গেছে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বোকা জুনিয়র্স ও রিভার প্লেট প্রথমবার মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শিরোপা লড়াইয়ে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে একরকম ‍যুদ্ধ লেগে যায় ‘সুপার ক্লাসিকো’র দিনে। ঘরোয়া ফুটবলেই বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের দ্বৈরথ ছড়ায় আগুনে উত্তাপ, সেখানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জেতার মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে তারা, বলার অপেক্ষা রাখে না কোপা লিবার্তাদোরেসের দুই লেগের ফাইনাল হতে যাচ্ছে প্রতিযোগিতাটির ইতিহাসের সবচেয়ে জমজমাট লড়াই। ১০ নভেম্বর প্রথম লেগের পর ফাইনালের দ্বিতীয় লেগ হবে ২৪ নভেম্বর।

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে হারিয়ে রিভার আগেই নিশ্চিত করেছিল ফাইনাল। আর বৃহস্পতিবার ‘সুপার ক্লাসিকো’র মঞ্চ তৈরি করে দেয় বোকা। ব্রাজিলের আরেক ক্লাব পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেও ফাইনালের টিকিট পেয়েছে তারা প্রথম লেগের ২-০ গোলের জয়ে। দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় কোপা লিবার্তাদোরেসের শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে বোকা।

পালমেইরাসের মাঠে ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল বোকা। রামন আবিলার লক্ষ্যভেদে ফাইনালের পথটা আরও সহজ করে নেয় সফরকারীরা। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পালমেইরাস সমতায় ফেরে ৫২ মিনিটে। লুয়ানের গোলের মিনিট আটেক পর গুস্তাভা গোমেসের পেনাল্টি থেকে এগিয়েও গিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। কিন্তু বদলি হিসেবে নামা দারিও বেনেদেত্তো ৬৯ মিনিটে লক্ষ্যভেদ করলে ২-২ গোলে সমতায় ফেরে ম্যাচ। শেষ পর্যন্ত ওই স্কোরলাইন রেখেই ফাইনালে ওঠার আনন্দে মাতে বোকা। গোল ডটকম