ম্যানইউকে শিরোপা দৌড়ে রাখছেন না মরিনহো

ম্যানইউ কোচ জোসে মরিনহোশিরোপা দৌড় দূরে থাক, সামনের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার জায়গাতেও নেই ম্যানচেস্টার ইউনাইটেড! তাই শিরোপা জেতা নিয়ে এই মুহূর্তে কোনও চিন্তাই করছেন না রেড ডেভিলস কোচ জোসে মরিনহো। আপাতত শীর্ষ চারে ফেরাই তার লক্ষ্য।

প্রিমিয়ার লিগের গতবারের রানার্স-আপ এবারের মৌসুমে রয়েছে অষ্টম স্থানে। শীর্ষ চারের মধ্যে না থাকায় ম্যানইউকে শিরোপা দৌড়ের বাইরে রাখছেন দলটির পর্তুগিজ কোচ। বাজেভাবে মৌসুম শুরু করায় কঠিন চাপে থাকা মরিনহো সেরা চারকেই লক্ষ্য বানাচ্ছেন এখন।

সেই লক্ষ্যে শনিবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। অষ্টম স্থানে থাকা ম্যানইউয়ের চেয়ে দুই ধাপ উপরে রয়েছে ফর্মে থাকা বোর্নমাউথ। কঠিন পরীক্ষার সামনে পড়তে যাওয়া মরিনহোর দল শীর্ষে থাকা নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি থেকে পিছিয়ে আছে ৯ পয়েন্টে।

পয়েন্ট টেবিলে অনেক পিছিয়ে থাকায় শীর্ষ চারে ফেরার আগ পর্যন্ত ম্যানইউকে শিরোপার বাইরে রাখছেন মরিনহো। সাবেক চেলসি কোচের বক্তব্য, ‘সেরা চারের বাইরে থাকার পর আমার মনে হয় না শিরোপা দৌড় নিয়ে কথা বলা উচিত হবে। যখন আপনি শীর্ষ চারে থাকবেন, আমার বিশ্বাস আমরা থাকতে পারব, তখনই এই ব্যাপারে আলোচনা করা যাবে। আপনাকে সূচি দেখতে হবে, একই সঙ্গে দেখতে হবে পয়েন্টের পার্থক্য কতটা।’

বছরটা ভালো জায়গায় থেকে শেষ করার লক্ষ্য পর্তুগিজ কোচের, ‘এই মুহূর্তে আমরা সেরা চারের বাইরে আছি, তাই আমাদের মূল কাজ হলো যতটা সম্ভব পয়েন্ট পাওয়া, যাতে এখনকার চেয়ে ভালো জায়গায় থেকে ডিসেম্বর শেষ করতে পারি।’

গত কয়েক সপ্তাহ অবশ্য ভালোই কেটেছে রেড ডেভিলদের। তিন খেলায় পেয়েছে ৭ পয়েন্ট। এরপরও উন্নতিতে তাগাদা দিচ্ছেন মরিনহো, ‘আমার মনে হয়, আমরা ভালো জায়গা আছি। তবে আমি সবসময় যেটা বলি, মৌসুম শেষের আগে আপনাকে ঘরের মাঠে ১৯ ও ঘরের বাইরে ১৯ ম্যাচ খেলতে হবে।’ লিগ মৌসুমের সূচির দিকে চোখ রেখে কথাটা বলেছেন মরিনহো। কারণ সামনে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন অ্যাওয়ে ম্যাচ। গোল ডটকম