‘সি’ গ্রুপে মুক্তিযোদ্ধা সংসদের বিদায়ে শেখ রাসেল ও আবাহনীর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। সোমবার দল দুটির লড়াইয়ে ঠিক হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হারে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে শেখ রাসেল।
আজিজোভের দেওয়া গোলে জয় নিশ্চিত হয় শেখ রাসেলের। শুরু থেকেই আবাহনীর রক্ষণের কঠিন পরীক্ষা নেওয়া শেখ রাসেল ৩০তম মিনিটে সফল হয় উজবেকিস্তানের ফরোয়ার্ডের লক্ষ্যভেদে। বক্সের ভেতর থেকে তার নিচু হেড জালে জড়ালে আনন্দে মাতে শেখ রাসেল। খেলার ফিরতে মরিয়া হয়ে ওঠা আবাহনী বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডের ব্যর্থতায় তা আর হয়নি।
এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল। ‘সি’ গ্রুপের সব খেলা শেষে ২ ম্যাচে ২ জয়ে শেখ রাসেলের পয়েন্ট ৬। আর এক জয় ও এক হারে আবাহনীর পয়েন্ট ৩।
৮ নভেম্বর কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ। আর ১০ নভেম্বর শেষ আটে শেখ রাসেল লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।