মাঠের নিরাপত্তা বৃদ্ধির আশ্বাস বাফুফের

ফেডারেশন কাপ ফাইনালের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের চিত্রসদ্যসমাপ্ত ফেডারেশন কাপের প্রায় প্রত্যেক ম্যাচ শেষে গ্যালারি থেকে দর্শক ঢুকে পড়েছিল মাঠে। গত শুক্রবার ফাইনালের পর তো অসংখ্য দর্শক বিনা বাধায় চলে যায় মাঠের মাঝখানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা তাই দুশ্চিন্তার বিষয় এখন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারাও এটা নিয়ে চিন্তিত। ফুটবলাঙ্গনের জন্য সুখবর, মাঠের নিরাপত্তা বৃদ্ধির আশ্বাস দিয়েছে বাফুফে।

রবিবার স্বাধীনতা দিবস ফুটবল উপলক্ষে সংবাদ সম্মেলনে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছেন, ‘ফেডারেশন কাপের ফাইনালে অনেক দর্শক মাঠে ঢুকে পড়েছিল। ভবিষ্যতে খেলা শেষে বা যে কোনও সময় মাঠে দর্শকের প্রবেশ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সদস্য থাকবে। গ্যালারিতে আরও ফেন্সিং লাগানোর বিষয়েও চিন্তা-ভাবনা হচ্ছে।’

নিরাপত্তার পাশাপাশি রেফারিং নিয়েও সতর্ক বাফুফে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘রেফারির ভুল ইচ্ছাকৃত কিনা সেটা দেখতে হবে। রেফারিং নিয়ে আমরা ভীষণ সতর্ক। রেফারির মান এবং তার ম্যাচ পরিচালনাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

ফেডারেশন কাপের ফাইনালে মারামারিতে জড়িয়ে আবাহনী ও বসুন্ধরা কিংসের চার ফুটবলার লাল কার্ড পেয়েছেন। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের মন্তব্য, ‘সেদিনের ঘটনার বিষয়ে দুই ক্লাবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তারা জবাবও দিয়েছে। আশা করি, কয়েক দিনের মধ্যে ডিসিপ্লিনারি কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।’