চ্যাম্পিয়নস লিগে নেইমারের রেকর্ড

প্রথমার্ধে গোলের পর নেইমারের উদযাপনপার্ক দে প্রিন্সেসে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল প্যারিস সেন্ত জার্মেই। দলের গুরুত্বপূর্ণ জয়ের দিনে রেকর্ড গড়েছেন নেইমার।

৩৭ মিনিটে পিএসজির কাউন্টার অ্যাটাক ফেরত পাঠান রেড গোলরক্ষক আলিসন। কিন্তু ফিরতি শটে নেইমার গোল করেন। তাতে ব্রাজিলিয়ানদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের মালিক হন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

সাবেক বার্সেলোনা তারকার এটি ছিল ৩১তম চ্যাম্পিয়নস লিগ গোল। তিনি পেছনে ফেলেছেন এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে ৩০ গোল করা কাকাকে।

টুর্নামেন্টে পিএসজির জার্সিতে এটি ছিল নেইমারের ১০ নম্বর গোল। তার আগে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সায় করেন ২১ গোল।

চ্যাম্পিয়নস লিগে ব্রাজিলিয়ান গোলদাতার শীর্ষ পাঁচের অন্যরা হলেন রিভালদো (২৭), মারিও জারদেল (২৫), জিওভানে এলবার (২৫)। ইএসপিএনএফসি