শতভাগ ফিট ছিলেন না নেইমার

Neymar-Not-At-His-Best-Featuredলিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। তাদের টিকে থাকার জন্য এই ম্যাচ ছিল অনেক গুরুত্বপূর্ণ। তাই তো শতভাগ ফিট না থেকেও মাঠে নেমেছেন নেইমার।

গত সপ্তাহে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। লিগ ওয়ানে সবশেষ ম্যাচে খেলা হয়নি তার। তবে লিভারপুলের বিপক্ষে যথেষ্ট ফিট থাকতে সব চেষ্টা করে গেছেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শেষে নেইমার জানান, ফিটনেসে তিনি খুব বেশি ভালো অবস্থায় ছিলেন না। তিনি বলেছেন, ‘আমি শতভাগ (ফিটনেসে) ছিলাম না। কিন্তু এটা ছিল গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ইনজুরি থাকুক বা না থাকুক, আমি এই ম্যাচে কোনোভাবেই মাঠের বাইরে থাকতে চাইনি।’

ম্যাচ জেতার উচ্ছ্বাস নিয়ে নেইমার জানান, ‘এটা ছিল আসল লড়াই। আমরা জেতায় আমি খুব খুশি। দারুণ উজ্জীবিত ছিলাম আমরা, জয়ের জন্য এটা ছিল গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেককে দেখিয়ে দিলাম যে চ্যাম্পিয়নস লিগে যতদূর সম্ভব আমরা যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’

এদিন ব্রাজিলিয়ানদের মধ্যে চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলদাতার মর্যাদা পান নেইমার। এনিয়ে তিনি বলেছেন, ‘এটা খুব আনন্দের ব্যাপার। আমি খুব গর্বিত এবং আশাবাদী আরও গোল করে যাব।’ গোল ডটকম