শেখ জামালকে হারিয়ে শুরু বসুন্ধরার

বসুন্ধরার জয় উল্লাসগত নভেম্বরের ফেডারেশন কাপের ফাইনালে উঠে দেশের ফুটবলে উজ্জ্বল আবির্ভাবের দৃষ্টান্ত তৈরি করেছিল বসুন্ধরা কিংস। নিজেদের দ্বিতীয় প্রতিযোগিতা স্বাধীনতা দিবস ফুটবলে দারুণ সূচনা হলো তাদের। রবিবার ‘ডি গ্রুপের ম্যাচে ২-০ গোলে তারা হারাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের দুই গোলেই ম্যাচের ফল চূড়ান্ত হয়। ১৮ মিনিটে কোস্টারিকার মিডফিল্ডার দানিয়েল কোলিন্দ্রেসের কর্নার থেকে লক্ষ্যভেদী হেডে বসুন্ধরাকে এগিয়ে দেন ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী।

ম্যাচের আধ ঘণ্টা হতেই শেখ জামাল ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। কিন্তু গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের শট ক্রসবারে লাগলে সমতায় ফেরা হয়নি ধানমন্ডি ক্লাবের। বরং ৩৮ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে তারা। কোলিন্দ্রেসের পাসে প্লেসিং শটে বসুন্ধরাকে দ্বিতীয়বার এগিয়ে দেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বসুন্ধরা। ৬৮ মিনিটে মতিন মিয়ার ভলি হয় লক্ষভ্রষ্ট। শেষ ১০ মিনিটে আরও তিনবার আক্রমণে যায় তারা। কিন্তু আক্ষেপ থেকে গেছে সেগুলো জাল খুঁজে না পাওয়ায়।

৮২ মিনিটে কোলিন্দ্রেসের পাসে ইমন মাহমুদের শট গোললাইনের একটু সামনে থেকে হেডে বিপদমুক্ত করেন মনজুর রহমান মানিক। ৮৪ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বলে কোলিন্দ্রেস পা ছোঁয়াতে পারেননি। পরের মিনিটে কোলিন্দ্রেস পোস্টে শট নেওয়ার আগেই গোলকিপার মোহাম্মদ নাঈম বল হাতে নেন।