কালচারালকে উড়িয়ে কোপার শেষ ষোলোতে বার্সা

সুয়ারেস ও রাকিতিচের নৈপুণ্যে জিতেছে বার্সা‘বি’ বিভাগের ক্লাব কালচারাল লিওনেসাকে দ্বিতীয় লেগে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বুধবার দেনিস সুয়ারেসের জোড়া লক্ষ্যভেদে তারা জিতেছে ৪-১ গোলে। দুই লেগে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে উঠল কাতালান জায়ান্টরা।

প্রথম লেগে ক্লেমেন্ট লেঙ্গলেটের শেষ মুহূর্তের গোলে জিততে হয়েছিল বার্সাকে। কিন্তু ঘরের মাঠে কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই জয় পেল এর্নেস্তো ভালভারদের শিষ্যরা।

সুয়ারেস জোড়া গোল করলেও ইভান রাকিতিচের অবদান কম নয়। তিনটি গোল বানিয়ে দেন ক্রোয়েট মিডফিল্ডার। তার চমৎকার পাসে ১৮ মিনিটে গোলমুখ খোলেন মুনির আল হাদ্দাদি। ২৬ মিনিটে আবারও রাকিতিচের বানিয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস।

বিরতিতে যাওয়ার মুহূর্তে ক্রোয়েট মিডফিল্ডারের নৈপুণ্যে ম্যালকম করেন তৃতীয় গোল। বার্সা গোলরক্ষক জ্যাসপার সিলেসেনের ভুলে হোসেপ সেনে একটি গোল শোধ দিলেও ঘুরে দাঁড়াতে পারেনি কালচারাল। ৭০ মিনিটে রিকুই পুইগের অ্যাসিস্টে ৪-১ করেন সুয়ারেস।

এদিকে অ্যাতলেতিকো মাদ্রিদও ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে। চতুর্থ সারির দল সেইন্ত অ্যান্দ্রুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শেষ ৩২ এর প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল তারা। দুই লেগে ৫-০ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করেছে ডিয়েগো সিমিওনের দল। বিরতির পর ৮ মিনিটের ব্যবধানে তিন গোল করে থোমাস লেমার, লিকোলা কালিনিচ ও আনহেল কোরেয়া। ভিতোলো করেন চতুর্থ গোল। গোল ডটকম