আবারও চোটের ধাক্কা বার্সেলোনায়

মাঠের বাইরে ছিটকে গেলেন ম্যালকমপিএসভি আইন্দহোফেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে চোটের কারণে দল সাজাতে হিমশিম খেতে হয়েছিল বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদেকে। চোটে পড়া খেলোয়াড়দের ফিট হওয়ার আগেই আবার ধাক্কা কাতালান ক্লাবটিতে। চোটের মিছিলে এবার যোগ দিলেন ম্যালকম।

রাফিনিয়ার মৌসুম শেষ হয়ে গেছে। এক মাসের জন্য ছিটকে গেছেন সের্হি রবের্তো। লুই সুয়ারেসও আছেন মাঠের বাইরে। তাদের সঙ্গে এবার চোটের তালিকায় যোগ দিলেন ম্যালকম। কোপা দেল রে ম্যাচে অ্যাঙ্কেল মচকে মাঠ ছাড়তে হয় তাকে। বার্সেলোনা নিশ্চিত করেছে, ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

বুধবার রাতে কালচালার লিওনেস্কার বিপক্ষে ম্যাচের শেষ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ৪-১ গোলে জেতার ম্যাচে তিনি উঠে যাওয়ার পর বাকি সময়টুকু বার্সেলোনাকে খেলতে হয়েছিল ১০ জন নিয়ে। অ্যাঙ্কেলের চোটে তিনি মিস করবেন এস্পানিওল ও লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচ দুটি, সঙ্গে খেলতে পারবেন না টটেনহামের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলাও।

এখন দেখার বিষয় হলো, ২০১৮ সালের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন কিনা তিনি। ২২ ডিসেম্বর ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোর বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে বার্সেলোনা।

কালচালারের বিপক্ষে দারুণ একটা ম্যাচ শেষ করতে যাচ্ছিলেন তিনি। নজরকাড়া পারফরম্যান্স তো ছিলই, স্কোরশিটে নাম তুলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন ম্যালকম। কিন্তু শেষ বাঁশি বাজার আগমুহূর্তে অ্যাঙ্কেলে পাওয়া চোটে শুধু মাঠই ছাড়তে হলো না তাকে, দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন তিনি। মার্কা