সবশেষ ২০১৩ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে একমাত্র স্বাধীনতা কাপ ট্রফি জিতেছিল শেখ রাসেল।
সাবেক ট্রেবল জয়ীরা সোমবার শিরোপার লড়াইয়ে নামবে। তাদের প্রতিপক্ষ কে, জানা যাবে বৃহস্পতিবার আবাহনী ও বসুন্ধরা কিংসের সেমিফাইনাল শেষে।
বল দখলের লড়াইয়ে শুরু থেকে এগিয়ে ছিল শেখ রাসেল। অবশেষে ৪৫তম মিনিটে ডানপ্রান্ত থেকে রাফায়েলের ক্রসে ৬ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন আজিজোভ।
অবশ্য তৃতীয় মিনিটে গোল পেতে পারতো শেখ রাসেল। দ্রুত বল নিয়ে ব্রাদার্সের গোলমুখে এগোতে থাকেন রাফায়েল। কিন্তু বক্সের সামনে তিনি শট নিতে ব্যর্থ হন আশরাফুল করিমের ট্যাকলে।
ব্রাদার্সের আক্রমণভাগের দুই ব্রাজিলিয়ান লিওনার্দো লিমা ও এভারটন সোজা সুযোগ নষ্ট করেন। ১২তম মিনিটে বক্সের মাঝ থেকে লিওনার্দো লিমার হেড সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে ধরা পড়ে। তারপর থেকে বাকি সময় শেখ রাসেলের আক্রমণভাগকে রুখতেই ব্যস্ত ছিল ব্রাদার্স।