টানা দুই হারে শীর্ষস্থান হারিয়েছে ম্যানসিটি। বিপরীতে জয়রথ সচল রেখে লিভারপুল উঠে গেছে প্রিমিয়ার লিগের শীর্ষে। রবিবার জয়ের পথে ফিরলেও অলরেডদের সঙ্গে তাদের ব্যবধান থেকে গেছে ৭ পয়েন্টের। এই অবস্থায় গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে গেলে ব্যবধান বেড়ে যাবে আরও। তখন শিরোপা দৌড়ে টিকে থাকার সম্ভাবনা একেবারেই দেখছেন না গার্দিওলা।
বৃহস্পতিবার ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটি সাবেক বার্সেলোনা কোচের কাছে ‘বাঁচা-মরার’। এই ম্যাচে কোনোভাবেই পয়েন্ট হারাতে চান না তিনি। রবিবার সাউদাম্পটনের মাঠ থেকে ৩-১ গোলের জয় পাওয়ার পর গার্দিওলা বলেছেন, ‘লিভারপুল এখন যে অবস্থানে আছে, সেখানে আমরা পয়েন্ট হারালেই শেষ, সবকিছু একেবারে শেষ হয়ে যাবে। তখন পুরোপুরি অসম্ভব হয়ে যাবে (শিরোপা দৌড়ে থাকা)।’
কিন্তু লিভারপুলও তো পরে পয়েন্ট হারাতে পারে? গার্দিওলা সেটা মানছেন, তবে একই সঙ্গে এটাও বিশ্বাস করেন, ‘কত পয়েন্টই বা হারাবে।’ চলতি লিগ মৌসুমে অপরাজিত থাকা লিভারপুলের প্রশংসাও ঝরল ম্যানসিটি কোচের কণ্ঠে, ‘আমরা অনেক ম্যাচ জিতেছি, তবে দুর্ভাগ্যবশত দুটো ম্যাচ হেরেছি। আমাদের যে প্রতিপক্ষ, তারা এই মুহূর্তে ইউরোপ, আমি বলব বিশ্বের সেরা দল।’
চলতি মৌসুমের শুরু থেকে ফর্মের তুঙ্গে লিভারপুল। প্রতিপক্ষদের জালে গোল উৎসব করে জয়রথ সচল রাখা অলরেডস আর্সেনালের বিপক্ষে সবশেষ ম্যাচও জিতেছে ৫-১ ব্যবধানে। ইএসপিএন