স্পারদের ঘরে প্রথম লেগ ১-০ গোলে হেরেছিল চেলসি। ফিরতি লেগে নিজ মাঠে তারা জেতে ২-১ গোলে। কিন্তু দুই লেগ অগ্রগামিতায় ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-২ গোলে জয় উদযাপন করেছে মাউরিসিও সারির দল।
গত শনিবার আর্সেনালের মাঠে প্রিমিয়ার লিগে হারা চেলসির জন্য ম্যাচটি ছিল কঠিন পরীক্ষার। ওই হারের পর খেলোয়াড়দের দৃঢ় মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন সারি। কোচের সমালোচনার জবাব তারা দিয়েছে এদিন শুরুতে। ২৭ মিনিটে এন’গোলে কাঁতের গোলে এগিয়ে যায় ব্লুরা। প্রথমার্ধের ৭ মিনিট আগে ইডেন হ্যাজার্ড ব্যবধান দ্বিগুণ করে স্বস্তিতে রাখেন স্বাগতিকদের।
অন্যদিকে চিরচেনা আক্রমণভাগের অভাব ভালোভাবে টের পেয়েছে স্পাররা। প্রায় তিন বছর পর হ্যারি কেইন, ডেলে আলী ও সন হিউং-মিনের কাউকে পায়নি তারা। শেষ পর্যন্ত তাদের আশা জাগান ফের্নান্দো লরেন্তে। বিরতির পঞ্চম মিনিটে ব্যবধান কমান তিনি।
শেষদিকে অলিভিয়ের জিরুদ চেলসিকে এগিয়ে দেওয়ার জোড়া সুযোগ নষ্ট করলে ম্যাচ নিষ্পত্তি করতে হয় টাইব্রেকারে।
দুই দলই পেনাল্টি শুট আউট থেকে প্রথম দুটি গোল পায়। কিন্তু তৃতীয় শটে টটেনহ্যামের এরিক ডায়ার ব্যর্থ হলে জর্জিনিয়োর গোল এগিয়ে রাখে চেলসিকে। লুকাস মোরা চতুর্থ শট থেকে লক্ষ্যভেদ করতে পারেননি। জবাবে ডেভিড লুইজ জয় এনে দেন চতুর্থবার লক্ষ্যভেদ করে।
আগামী ২৪ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটি ও চেলসি। গোল ডটকম