জুভেন্টাসের সঙ্গে রামজির চার বছরের চুক্তি

অ্যারন রামজি১১ মৌসুম পর আর্সেনাল ছেড়ে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন অ্যারন রামজি। সোমবার ওয়েলস মিডফিল্ডারের সঙ্গে চার বছরের চুক্তির খবর নিশ্চিত করলো সিরি ‘এ’ ক্লাব।

আগামী জুলাইয়ে তুরিন ক্লাবে যোগ দেবেন রামজি। জন চার্লস ও ইয়ান রাশের পর জুভেন্টাসের তৃতীয় ওয়েলস খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি।

২০০৮ সালে কার্ডিফ সিটি থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ২৫৬টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন রামজি। গানারদের সঙ্গে এই মৌসুম পর্যন্ত চুক্তি ছিল তার। নতুন করে চুক্তিপত্রে সই করেননি তিনি।

গত জানুয়ারির শুরুতে জুভেন্টাসের সঙ্গে চুক্তির খবর জানান রামজি। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে খেলে প্রত্যেক সপ্তাহে ৪ লাখ পাউন্ডেরও বেশি আয় করবেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার। এতে করে মূল বেতনের হিসাবে সবচেয়ে বেশি উপার্জনকারী ব্রিটিশ খেলোয়াড় হবেন তিনি।

আর্সেনালের ভক্তদের ধন্যবাদ জানিয়ে রামজি টুইট করেছেন, ‘তরুণ বয়সে আমাকে আপনারা স্বাগত জানিয়েছেন এবং এই ক্লাবে আমার উত্থান পতনে সঙ্গে ছিলেন। উত্তর লন্ডনের এই ক্লাবে ১১টি দারুণ বছর কাটানোর পর আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছি।’ ইএসপিএনএফসি