রেকর্ড ভাঙা অনুপ্রাণিত করে এমবাপেকে

কাইলিয়ান এমবাপেনেইমার ও এদিনসন কাভানির অভাব টের পেতে দিচ্ছেন না কাইলিয়ান এমবাপে। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া পিএসজির চার ম্যাচের সবগুলোতেই গোল করেছেন ফরাসি ফুটবলার। শনিবার নিমেসের বিপক্ষে মাইলফলক স্পর্শ করে জানালেন, নতুন রেকর্ড গড়তে উজ্জীবিত থাকেন তিনি।

ফুটবলে পা রেখে এরই মধ্যে কয়েকটি রেকর্ড গড়েছেন এমবাপে। সর্বকনিষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে করেছেন গোল। পেলের পর দ্বিতীয় তরুণ খেলোয়াড় হয়ে বিশ্বকাপ ফাইনালে পেয়েছেন জালের দেখা।

সবশেষ নিমেসের বিপক্ষে জোড়া লক্ষ্যভেদে লিগ ওয়ানের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলকে ২০ বছর বয়সী এমবাপে। এই মৌসুমে ২০ ম্যাচে ২২ গোল করে এখন লিগের শীর্ষ গোলদাতা তিনি। গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় শনিবারের ম্যাচ শেষে বলেছেন, ‘যতটা সম্ভব আমার দলকে সাহায্য করতে আমি প্রতিদিন কাজ করি।’

ফরাসি চ্যাম্পিয়নদের ১৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে দেওয়ার পর এমবাপে আরও বলেছেন, ‘আমি আমার ফুটবল উপভোগ করতে চাই। কারণ এটা অনেক আনন্দের। গোল করা ও রেকর্ড ভাঙা আমাকে অনুপ্রাণিত করে।’

দারুণ এই জয়ের পরও সন্তুষ্ট হননি কোচ থোমাস টুখেল। আরও গোল তিনি চেয়েছিলেন, বিশেষ করে এমবাপের কাছ থেকে। পিএসজি কোচ বলেছেন, ‘পুরো খেলায় আমরা গোলের অনেক সুযোগ পেয়েছিলাম। আমরা আরও বেশি গোলে জিততে পারতাম, কাইলিয়ান ৫ গোল করতে পারতো। তবে আমি খুশি যে লিগ ওয়ানে সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছে।’