এবারের জাতীয় দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামের। দল ঘোষণার পর বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে বলেছেন, ‘প্রতিটা পজিশন চিন্তা করে দল সাজানো হয়েছে। তাই মামুনুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গা হয়নি। মামুনুল অসাধারণ খেলোয়াড়, কিন্তু বর্তমানে তার ফিটনেস ভালো নেই। এই দলে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে।’
কম্বোডিয়ার মাটিতে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশের ইংলিশ কোচ বলেছেন, ‘আমরা জিততে চাই, তবে ম্যাচটা অনেক কঠিন হবে। তরুণ খেলোয়াড়দের জন্য ভালো সুযোগ কম্বোডিয়ার ম্যাচটা। অভিজ্ঞরাও পারফর্ম করার সুযোগ পাবে। এ মাসেই বাহরাইনে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগে কম্বোডিয়া ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
কয়েক বছর ধরে বাংলাদেশ দলের অন্যতম সমস্যা গোল স্কোরিং। তবে জেমি ডে আশাবাদী, এবার এই সমস্যা থেকে বেরিয়ে আসবে লাল-সবুজ দল, ‘এবারের লিগে তরুণ ফরোয়ার্ড জীবন নিয়মিত গোল করছে। এটা আমাদের জন্য সুখবর। তবে আমি চাই শুধু ফরোয়ার্ডরা নয়, মিডফিল্ডার-ডিফেন্ডাররাও গোল করুক।’
কোচের মতো অধিনায়ক জামাল ভূঁইয়াও সাফল্য পেতে আশাবাদী, ‘আমাদের দলটা ভালো হয়েছে। কোচ সব দিক বিবেচনা করেই দল ঘোষণা করেছেন। আমাদের দলে কোনও দুর্বলতা নেই। আমরা কম্বোডিয়া ম্যাচের দিকে তাকিয়ে।’
বাংলাদেশ দল:
গোলকিপার: শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা ও আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: ইয়াছিন খান, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মনজুরুর রহমান ও সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, ইমন মাহমুদ বাবু ও মাশুক মিয়া জনি।
ফরোয়ার্ড: রুবেল মিয়া, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল।