চ্যাম্পিয়নস লিগে হেরে রোমা কোচ বরখাস্ত

ইউসেবিও ডি ফ্রান্সেস্কোচাকরি বাঁচাতে পারলেন না ইউসেবিও ডি ফ্রান্সেস্কো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে রোমা বিদায় নেওয়ার পর ইতালির রাজধানীর ক্লাবটি বরখাস্ত করেছে তাদের কোচকে।

পোর্তোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে রোমা। ঘরের মাঠের প্রথম লেগ ২-১ গোলে জিতে শেষ করেও কোয়ার্টার ফাইনালে যাওয়া হয়নি তাদের। পর্তুগিজ ক্লাবের বিপক্ষে হেরে শেষ হয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পথচলা। এই ম্যাচের আগে সিরি ‘এ’তে নগরপ্রতিপক্ষ লাৎসিও’র বিপক্ষে হেরেছিল ৩-০ গোলে। ফলে ডি ফ্রান্সেস্কোকে বরখাস্ত করেছে রোমা।

কোচ ছাঁটাইয়ের পর ইতালিয়ান ক্লাবটির সভাপতি জিম পালোত্তা বলেছেন, ‘এএস রোমার সবার হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউসেবিও ডি ফ্রান্সেস্কোকে, তার কাজ ও কমিটমেন্টের জন্য। ক্লাবে ফেরার পর থেকে তিনি সবসময় পেশাদারি মনোভাব নিয়ে কাজ করেছেন এবং ক্লাবকে এগিয়ে নেওয়ার পথে অবদান রেখেছেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

গত মৌসুমটা দারুণ কেটেছিল ডি ফ্রান্সেস্কোর। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার পথে ছিল বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর স্মৃতি। যদিও দায়িত্বের দ্বিতীয় মৌসুমে হতাশার স্মৃতিই সঙ্গী হয়েছে তার।

বিদায় নেওয়া এই কোচের জায়গা পূরণে শোনা যাচ্ছে ক্লাউদিও রানিয়েরির নাম। স্কাই স্পোর্ত ইতালিয়ার খবর, ‍রোমায় আবার ফিরছেন লিস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো কোচ। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত রানিয়েরি কাজ করেছেন রোমের ক্লাবের সঙ্গে। বিসিবি, মার্কা