যশোরে ফুটবল লিগের গ্রুপ নির্ধারণ

অংশ নেওয়া দলগুলোর মাঝে ফুটবল বিতরণ করেন কাজী নাবিল আহমেদযশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে (ডিএফএ) ‘শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ’-এর গ্রুপ নির্ধারণ হয়েছে আজ (শনিবার)। একই সঙ্গে অংশগ্রহণকারী ক্লাবগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল।

শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ নেওয়া ক্লাবগুলোর মাঝে ফুটবল বিতরণ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা, মানুষের খেলা। দেশের অন্যান্য খেলা যেভাবে এগিয়ে যাচ্ছে, ফুটবলও একদিন এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ব ক্রীড়াঙ্গনে যে বিশাল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ, তা অন্য কোনও সময় হয়নি।’

অন্য জেলার তুলনায় যশোরে নিয়মিত খেলা হওয়ায় যশোর ডিএফএকে ধন্যবাদ জানিয়ে লিগের সাফল্য কামনা করেছেন কাজী নাবিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএফএ’র সভাপতি আসাদুজ্জামান মিঠু। বক্তব্য রাখেন রেফারি সমিতি যশোরের সম্পাদক শহিদুর রহমান বাচ্চু, নওয়াপাড়া আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় রায় ও লিগ পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদি হাসান।

উপস্থিত ছিলেন রেফারি সমিতি যশোরের সহ-সভাপতি কাজী আনসারুল ইসলাম মিন্টু, ডিএফএ যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ডাবলু, নির্বাহী সদস্য রওশন আরা রাসু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু।

অনুষ্ঠানে লটারির মাধ্যমে ক্লাবগুলোর গ্রুপ নির্ধারণ করা হয়। ‘ক’ গ্রুপে খেলবে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি, ঋতু ক্রীড়া চক্র, নিরব বন্ধন ক্রীড়া চক্র, ভোরের পাখি, সৃষ্টি যশোর, তির্যক যশোর ও সতীঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি।

‘খ’ গ্রুপে রয়ছে শেকড় যশোর, আজাদ স্পোর্টিং ক্লাব নওয়াপাড়া, ঈদগাহ ফুটবল কোচিং সেন্টার, মান্নান ইসহাক ট্রাস্ট, রেলগেট যুব সংঘ, ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও উপশহর ব্রাদার্স ইউনিয়ন।

যশোর শামস উল হুদা স্টেডিয়ামে আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে খেলা।