টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ভারতকে সেমিফাইনালে এড়ানোর সম্ভাবনা উজ্জ্বল।
বাংলাদেশ কোচের লক্ষ্যও সেটাই। শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ছোটন বলেছেন, ‘আমরা ভুটানকে বড় ব্যবধানে হারাতে চাই। তারপর নেপালের সঙ্গে ভালো ফল করে শেষ চারে ভারতকে এড়াতে চাই। আর তাহলেই ফাইনালের পথ সহজ হবে আমাদের জন্য।’
অধিনায়ক সাবিনাও ভারতকে নিয়ে চিন্তিত, ‘ভারত শক্তিশালী দল। তবে তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্য অভিজ্ঞতায়। ভারতের এমন খেলোয়াড়ও আছে যাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের চেয়ে আমাদের দলের কয়েকজনের বয়স কম!’
২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ আসরে অনভিজ্ঞ দল নিয়েও রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। এবারের দল নিয়ে তাই আশাবাদী কোচ ছোটন, ‘গতবার আমাদের দলটা ছিল অনভিজ্ঞ, মেয়েদের অনেকেরই বয়স ছিল কম। তবে এই সময়ে মেয়েরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাদের মধ্যে পরিপক্কতা এসেছে। গতবার আমাদের তেমন কোনও প্রত্যাশা ছিল না, তবু আমরা ফাইনালে খেলেছিলাম। আশা করি, এবারও মেয়েরা ভালোই খেলবে।’
প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ মার্চ, ভুটানের বিপক্ষে। ১৬ মার্চ গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। ২০ মার্চ দুটি সেমিফাইনালের পর ২২ মার্চ হবে ফাইনাল।
বাংলাদেশ দল:
গোলকিপার: মাহমুদা আক্তার, রুপনা চাকমা ও ইয়াসমিন আক্তার।
ডিফেন্ডার: মাশুরা পারভীন, আঁখি খাতুন, নার্গিস খাতুন, নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র ও শিউলি আজিম।
মিডফিল্ডার: মিশরাত জাহান মৌসুমি, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ইশরাত জাহান রত্না।
ফরোয়ার্ড: সানজিদা আক্তার, মার্জিয়া, সিরাত জাহান স্বপ্না, সাবিনা খাতুন, কৃষ্ণারানী সরকার, রাজিয়া খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।