লিভারপুলের বিপক্ষে বায়ার্নকে সমর্থন গার্দিওলার

পেপ গার্দিওলাবুধবার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাবকে সমর্থন দিচ্ছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এই তালিকায় যোগ দেওয়ার লক্ষ্যে বুধবার বায়ার্নের মাঠে নামবে লিভারপুল। সাবেক ক্লাবের সঙ্গে মুখোমুখি হচ্ছে গার্দিওলার বর্তমান লিগ ক্লাব। স্প্যানিশ কোচ বেছে নিলেন জার্মান ক্লাবকেই।

শেষ ষোলোর প্রথম লেগ হয়েছে গোলশূন্য ড্র। দুই দলই দারুণ সম্ভাবনা নিয়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে। এই ম্যাচে বায়ার্নকেই গার্দিওলার সমর্থন দেওয়া স্বাভাবিক, সেখানে তিনি জিতেছেন তিনটি বুন্দেসলিগা।

শ্যালকেকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর গার্দিওলা বলেছেন, ‘আমি ইংলিশদের জন্য দুঃখিত। আমি চাই বায়ার্ন উঠে যাক। আমি এই ক্লাবের অংশ, অসাধারণ তিনটি বছর ছিল ওখানে। আমি মিউনিখকে ভালোবাসি এবং ওখানে অনেক বন্ধু আছে আমার।’

ম্যানসিটি কোচ আরও যোগ করেছেন, ‘দুই দলের জন্যই এটা আকাঙ্ক্ষিত খেলা। কিন্তু বায়ার্নকেই আমার বেশি পছন্দ। আশা করি তারা কোয়ার্টার ফাইনালে যাবে। অতীতে বেশির ভাগ সময় স্প্যানিশ ও জার্মান দল ফাইনাল খেলেছে, কিন্তু এই মৌসুমে চমক রয়েছে। আশা করি বার্সেলোনা (লিওঁর বিপক্ষে) কাল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। তবে ইংলিশ ফুটবলের জন্য দারুণ ব্যাপার হচ্ছে এবারের কোয়ার্টার ফাইনালে তিনটি দল তাদের, সেখানে হয়তো লিভারপুলও যোগ দেবে।’ গোল ডটকম