‘আর্জেন্টিনায় খারাপ আচরণের শিকার হিগুয়েইন’

গনসালো হিগুয়েইনআর্জেন্টিনাকে বিদায় বলেছেন গনসালো হিগুয়েইন। বুকভরা অভিমান নিয়েই তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। হয়তো ‘খলনায়ক’ হিসেবেই তাকে স্মরণ করবে দেশের মানুষ। তবে সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা মনে করেন, হিগুয়েইনকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি।

টানা তিনটি ফাইনালে সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হয়েছেন হিগুয়েইন। সমালোচকদের প্রতি ক্ষোভ ঝেড়ে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে উপেক্ষিত এই স্ট্রাইকার।

৩১ বছর বয়সী হিগুয়েইন প্রাপ্য আচরণ পায়নি মনে করেন বাতিস্তুতা, ‘আমার কাছে সে একজন সেরা স্ট্রাইকার। বিশ্বব্যাপী সে সম্মানিত, কিন্তু আর্জেন্টিনায় খারাপ আচরণের শিকার।’

২০০৯ সালে আর্জেন্টিনায় অভিষেকেই গোল করেন হিগুয়েইন। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বাঁচা মরার লড়াইয়ে করেন গোলটি। পরের বছরের বিশ্বকাপেও তৃতীয় আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। কিন্তু রাশিয়ায় পাননি একটি গোলও। তার আগে ব্রাজিল বিশ্বকাপ ও পরপর দুটি কোপা আমেরিকা ফাইনালে গোল মিস তাকে বসায় খলনায়কের আসনে।

হিগুয়েইনের ভালোটা না দেখে শুধু ব্যর্থতা নিয়ে বারবার কথা বলায় আপত্তি আর্জেন্টিনার দ্বিতীয় শীর্ষ গোলদাতা, ‘স্ট্রাইকাররা হয়তো ২০০ গোল মিস করতে পারে, কিন্তু তারপর সঠিক সময়ে একটি, দুটি বা তিনটি গোল করে এবং ব্যর্থ গোলগুলোর চেয়ে ওই অল্প কয়েকটি গোলের জন্য তারা সবসময় স্মরণীয় হয়ে থাকে।’

চেলসি স্ট্রাইকারকে সমর্থন দিয়ে বাতিস্তুতা বলেছেন, ‘এর বিপরীতও আছে। হিগুয়েইন ২০০ গোল করেছে এবং আর্জেন্টিনার জার্সিতে ভুল সময়ে তিনটি গোল করতে পারেনি। দুর্ভাগ্যবশত সেটার জন্যই সে স্মরণীয় থাকবে। কিন্তু সে একজন অসাধারণ স্ট্রাইকার, বিশ্ব ফুটবলে গত কয়েক বছরে আমার দেখা অন্যতম সেরা।’ গোল ডটকম