সামনের মৌসুমে কোচিংয়ে ফিরবেন মরিনহো

জোসে মরিনহোছাঁটাই হওয়ার পর থেকে ডাগ আউটের বাইরে জোসে মরিনহো। তবে বেশি দিন বাইরে থাকছেন না পর্তুগিজ কোচ। সামনের মৌসুমেই কোচিংয়ে ফেরার ইচ্ছা তার। ফুটবল থেকে দূরে থাকলেও এখনকার সময়টা উপভোগই করছেন তিনি।

ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো। বাজে পারফরম্যান্সে মৌসুমের মাঝপথে চাকরি হারান তিনি। এর পর থেকে ‘বেকার’ই আছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। তবে তার মতো সাফল্যময় কোচের যে চাকরির অভাব হবে না, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যদিও ‘সঠিক সময় ও প্রজেক্টের’ খোঁজে থাকায় ডাগআউট থেকে আপাতত বাইরে আছেন তিনি।

রিয়াল মাদ্রিদের দুঃসময়ে আবারও তাকে ফিরিয়ে আনার গুঞ্জন শোনা গেলেও ‘লস ব্লাঙ্কোস’ নিয়োগ দিয়েছে জিনেদিন জিদানকে। মরিনহো তাই কোচিংয়ের বাইরেই থেকে গেছেন। তবে সামনে মৌসুমে ফেরার কথা শুনিয়েছেন তিনি। ফুটবল পণ্ডিতের ভূমিকায় কাজ করা মরিনহোর বক্তব্য, ‘কোচিংয়ের বাইরে থাকায় আমার কোনও রকম সমস্যা হচ্ছে না। অন্য বিষয় নিয়ে আমি ভাবার সময় পাচ্ছি এখন।’

একই সঙ্গে জানালেন তার কোচিংয়ে ফেরার সময়, ‘সত্যি বলতে, আমি সামনের মৌসুমে ফিরতে চাই (কোচিংয়ে)। সিদ্ধান্ত নিয়েছি, নতুন মৌসুম শুরুর আগপর্যন্ত কোচিং শুরু করব না। এবং সেখানে অবশ্যই ক্লাব ও প্রতিযোগিতা পছন্দ হতে হবে আমার।’

পর্তুগাল জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে তার রসিকতা, ‘(পর্তুগাল কোচ) ফের্নান্দোর (সান্তোস) কোনও চিন্তা করার দরকার নেই, আমি এখনই কিংবা কিছুদিন পরেও (জাতীয় দলে কাজ করতে) আগ্রহী নই।’ মার্কা