জয়ের লক্ষ্যে আজ এএফসি মিশন শুরু আবাহনীর

অনুশীলনে আবাহনী দল।আবাহনী লিমিটেডের এএফসি কাপের মিশন শুরু হচ্ছে আজ। ‘ই’ গ্রুপে আকাশি-নীলদের প্রথম প্রতিপক্ষ নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব। আর প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে চাইছে আবাহনী। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় ম্যাচটি শুরু হবে।

এএফসি কাপকে সামনে রেখে আবাহনী বেশ কিছুদিন ধরে অনুশীলনে ছিল। নতুন ব্রাজিলিয়ান খেলোয়াড় এনে নিজেদের শক্তিও বৃদ্ধি করেছে। তাই আগের চেয়ে আবাহনী আরও আত্মবিশ্বাসী। জয়ের জন্যই দলটি মাঠে নামবে বলে জানালেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। কাঠমান্ডু থেকে জানিয়েছেন, ‘এএফসি কাপকে সামনে রেখে আমাদের প্রস্তুতি ভালো। দীর্ঘদিন ধরে আমরা অনুশীলনে আছি। এই ম্যাচের জন্য তৈরি বলতে পারেন। ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’

অবশ্য নেপালের কাঠমান্ডুতে ম্যাচটি যে সহজ হবে না, তা বলেই দিয়েছেন এই পর্তুগিজ কোচ, ‘যদিও ম্যাচটি জেতা আমাদের জন্য কঠিন হবে। কারণ মানাং ভালো দল। নিজেদের মাঠে তারা উজ্জীবিত হয়ে খেলবে। কিন্তু আমরাও কম উজ্জীবিত নই। নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামবো। যদি সুসংগঠিত হয়ে খেলতে পারি। তাহলে জয় সম্ভব।’

আবাহনীর মতো মানাং মার্সিয়াংদিও ম্যাচ জিততে চাইছে। স্বাগতিকদের কোচ চিরিং লোপসাং গুরুং বলেছেন, ‘আমরা নিজেদের মাঠে খেলবো। আমাদের প্রস্তুতিও ভালো। খেলোয়াড়রা সবাই লড়াই করার জন্য তৈরি আছে। ভালো খেলে দ্বিতীয় পর্বে যেতে চাই।’

অবশ্য ম্যাচের ভাগ্যটা দুদিকেই ৫০-৫০ হিসেবে দেখছেন মানাং মার্সিয়াংদি কোচ। তার কথা, ‘আবাহনীর বিপক্ষে ৫০-৫০ ম্যাচ হতে পারে। তবে আমরা গোলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। এজন্য অন্য ক্লাব থেকে খেলোয়াড় নিয়ে শক্তি বৃদ্ধি করেছি। যেন ম্যাচ জিততে পারি।’