বার্সেলোনার মাঠে প্রথম জয়ের খোঁজে অ্যাতলেতিকো কোচ

অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে

ন্যু ক্যাম্পের ম্যাচেই আঁকা হয়ে যেতে পারে এবারের লা লিগার শিরোপার গতিপথ। আজ (শনিবার) দিবাগত রাত ১২-৪৫ মিনিটে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ দিয়ে ন্যু ক্যাম্পে প্রথম জয়ের খোঁজে অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে।

৩০ ম্যাচ শেষে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা। ঘরের মাঠে অ্যাতলেতিকোকে হারিয়ে দিলে শিরোপায় এক হাত রাখবে কাতালানারা। তখন ১১ পয়েন্টে এগিয়ে যাবে এরনেস্তো ভালভারদের দল। তবে তারা হেরে গেলে জমে যাবে স্প্যানিশ লিগ। তখন বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর ব্যবধান থাকবে মাত্র ৫ পয়েন্টের।

শিরোপা দৌড়ে থাকতে হলে মাদ্রিদের ক্লাবটির জয় ছাড়া কোনও পথ নেই। তবে ইতিহাস পক্ষে যাচ্ছে না অ্যাতলেতিকোর, বিশেষ করে কোচ সিমিওনের। মাদ্রিদের ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত লিগে বার্সেলোনাকে হারাতে পারেননি তিনি। ন্যু ক্যাম্প থেকে কখনও ফিরতে পারেননি জয় নিয়ে। সব মিলিয়ে ২০০৬ সালে সবশেষ ন্যু ক্যাম্প থেকে জিতে ফিরেছিল অ্যাতলেতিকো।

লিগ শিরোপায় টিকে থাকতে হলে অতীত ইতিহাস ভাঙতে হবে। ন্যু ক্যাম্পে পেতে হবে সিমিওনের প্রথম জয়। ২০১১ সালে অ্যাতলেতিকোর কোচ হওয়ার পর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ১৪বার দেখা হলেও একবারও জিততে পারেননি তিনি। অথচ তিনি বলেছেন অন্য কথা। ন্যু ক্যাম্পে জয় নেই বলেই সিমিওনে আশাবাদী, ‘কখনও জিততে না পারার বিষয়টি আমাদের আরও বেশি আশাবাদী করছে, অবশ্যই!’

শুধু বার্সেলোনার বিপক্ষে ম্যাচ নয়, সামনের খেলাগুলোতেও নজর রাখছেন আর্জেন্টাইন কোচ, ‘যদি আমরা (বার্সেলোনার বিপক্ষে) জিতি এবং পরের ম্যাচে হেরে যাই, তাহলে এটার কোনও অর্থই রাখবে না। আমাদের উন্নতির ধারা ধরে রাখতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘বার্সেলোনা যে আমাদের তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে করে, সেটা আমাদেরকে আনন্দিত করে। বিষয়টা আমাদের খেলোয়াড়দের হয়ে কথা বলে।’ গোল ডটকম