হ্যাজার্ডের জোড়া গোলে তিনে চেলসি

গোল উদযাপন করছেন হ্যাজার্ডএডেন হ্যাজার্ডের জোড়া গোল চেলসিকে পৌঁছে দিলো প্রিমিয়ার লিগ টেবিলের তিন নম্বরে। সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্লুরা।

ওয়েস্ট হ্যামকে ভুগিয়ে দুই অর্ধে গোল করেছেন বেলজিয়ান তারকা। তাতে সেরা চারে থেকে মৌসুম শেষ করার দৌড়ে টটেনহাম হটস্পার ও আর্সেনালকে টপকে গেছে চেলসি।

২৪ মিনিটে ওয়েস্ট হ্যামের কঠিন রক্ষণ ভেদ করে অসাধারণ গোল করেন হ্যাজার্ড। বিরতির আগে গনসালো হিগুয়েইন ব্যবধান দ্বিগুণ করতে পারতেন। দ্বিতীয়ার্ধে ওয়েস্ট হ্যাম নিজেদের কিছুটা গুছিয়ে নেয়। ম্যানুয়েল লানসিনি ও ফিলিপ অ্যান্ডারসন সমতা ফেরার দারুণ সুযোগ পান। কিন্তু হ্যাজার্ড শেষ মিনিটে গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন।

টানা তৃতীয় জয়ে ৩৩ ম্যাচে চেলসির অর্জন ৬৬ পয়েন্ট। টটেনহাম ও আর্সেনাল ৬৪ ও ৬৩ পয়েন্ট নিয়ে তাদের পরে, অবশ্য দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে। ওয়েস্ট হ্যাম ৪২ পয়েন্ট পেয়ে ১১তম।

এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় হ্যাজার্ডের গোল দাঁড়ালো ১৯টিতে। ২০১৪-১৫ মৌসুমের সেরা পারফরম্যান্সকে স্পর্শ করলেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। তার প্রথম গোলটি মৌসুম সেরা হওয়ার দাবি রাখে।

গোলমুখের ৩৫ মিটার দূর থেকে হ্যাজার্ড বল পায়ে নিয়ে ওয়েস্ট হ্যামের গোছালো রক্ষণ ফাঁকি দিয়েছেন একাই। ৫ জনের বাধা পেরিয়ে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। প্রথমে ডেকলান রাইস ও মার্ক নোবেলকে পেছনে ফেলেন। তারপর ফ্যাবিয়ান বালবুয়েনা ও অ্যানজেলো ওগবোন্না তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু দুজনকেই বোকা বানান। রায়ান ফ্রেডেরিক্স মরিয়া হয়ে ওঠেন তাকে আটকাতে। তাতেও ভারসাম্য হারাননি হ্যাজার্ড। বাঁ পায়ের শটে লুকাস ফ্যাবিয়ানস্কিকে পরাস্ত করে জালে জড়ান বল।

কয়েক মিনিট পর হিগুয়েইন শট নেন লক্ষ্যে, কিন্তু গোলবারে আঘাত করে। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি চেষ্টা বিরতির ঠিক আগে প্রতিহত করেন অতিথি ডিফেন্ডার।

বিরতির পর অ্যান্ডারসন ও লানসিনি সমতা ফেরাতে ব্যর্থ হন। মার্কো আরনাউতোভিচের হেড গোলবারের পাশ দিয়ে যায়। ওয়েস্ট হ্যামের সব চেষ্টা বিফলে গেছে। আর ৯০ মিনিটে হ্যাজার্ড তাদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন।

রস বার্কলের বাড়িয়ে দেওয়া বলে হ্যাজার্ড লিগ মৌসুমের ১৬তম গোল করেন। চেলসির পরের মিশন ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার স্লাভিয়া প্রাগের মাঠে নামবে তারা। গোল ডটকম