লিভারপুলের বিপক্ষে প্রতিশোধের চিন্তায় নেই পোর্তো কোচ

সের্হিও কনসেইসাওচ্যাম্পিয়নস লিগের নকআউটে আবার মুখোমুখি দাঁড়িয়ে লিভারপুল ও পোর্তো। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে প্রতিপক্ষকে স্বাগত জানাবে লিভারপুল। পোর্তোকে সমীহ করছে তারা। কারণ গতবার শেষ ষোলোতে ঘরের মাঠে তাদের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ নিতে উজ্জীবিত থাকবে পর্তুগিজ ক্লাব। কিন্তু পোর্তো কোচ জানিয়ে দিলেন, প্রতিশোধের নেশায় মত্ত হয়ে নেই তার দল।

অ্যানফিল্ডে ওই হারের শোধ তুলতে মরিয়া হয়ে আছে পোর্তো, এমন শিরোনাম এখন মিডিয়ার পাতায় পাতায়। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও তার খেলোয়াড়দের এনিয়ে সতর্ক করে দিয়েছেন। তবে কোচ সের্হিও কনসেইসাও দৃঢ় কণ্ঠে জানালেন, প্রতিশোধ নিতে ইংলিশ ক্লাবটির মাঠে নামবে না তারা।

কনসেইসাও সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি শুনছি আপনারা বরাবরেই এই প্রশ্ন করছেন যে এটা হতে যাচ্ছে লিভারপুলের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার লড়াই। না, এটা প্রতিশোধের কিছু নয়। এটা ফুটবল। সব ম্যাচের একটা ইতিহাস আছে, অন্যদের কাছে সেটা ভিন্ন ইতিহাস। আমাদের বুঝতে হবে কোনও একটি ফল আমাদের দলের বৈশিষ্ঠ্য পাল্টে দেবে না।’

নতুন করে ভাবতে চান পোর্তো কোচ, ‘গত বছর যা ঘটেছে সেটা ছিল গত বছরের, ওখানেই গল্পের শেষ। আমরা যা চেয়েছিলাম সেটা করতে পারিনি এবং প্রতিপক্ষ গোছালো খেলেছে। প্রতিশোধ নেওয়ার কিছু নেই, লিভারপুলকে খুব শক্তিশালী দল হিসেবে দেখছি।’

এই প্রিমিয়ার লিগ মৌসুমে লিভারপুল ঘরের মাঠে একটি ম্যাচও হারেনি। চ্যাম্পিয়নস লিগেও অ্যানফিল্ড তাদের অভেদ্য দুর্গ। গতবার ফিরতি লেগে এই মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা। কনসেইসাও অবশ্য জয়ের কথাই ভাবছেন, ‘আমি মনে করি এখানে জেতা সম্ভব। জেতার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা, আমাদের অনেক খাটতে হবে।’ গোল ডটকম