এবারের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেইমারের দল পিএসজি। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে প্রথম লেগ ২-০ গোলে জিতে ফিরলেও ঘরের মাঠে তারা হেরে যায় ৩-১ ব্যবধানে। পার্ক দে প্রিন্সেসের ম্যাচের শেষ দিকে ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়েই নেইমার ক্ষোভ ঝেরেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে।
স্পট কিক থেকে মার্কাস রাশফোর্ডের লক্ষ্যভেদে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় ম্যানইউ। চোটের কারণে শেষ ষোলোর দুই লেগের খেলাই গ্যালারিতে বসে দেখতে হয়েছিল নেইমারকে। একে খেলতে পারেননি, এর ওপর আবার শেষ মুহূর্তে ভিএআর প্রযুক্তিতে ম্যানইউ পেনাল্টি পাওয়ার রেফারির ওপর রাগ উগরে দিয়েছিলেন নেইমার।
ইনস্টাগ্রামে ভয়েস ও লিখিত বার্তায় তিনি ধুয়ে দিয়েছিলেন রেফারিকে। বাজে ভাষাও উচ্চারিত হয়েছিল তার মুখ থেকে। ম্যানইউয়ের পাওয়া পেনাল্টি নিয়ে নেইমারের বক্তব্য ছিল, ‘এটা কলঙ্কিত ব্যাপার! উয়েফা এখনও এমন চার লোককে (ম্যাচ পরিচালক) দিয়ে কাজ করাচ্ছে, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। সিদ্ধান্ত নিতে হয় তাদের ভিএআর-এর রিপ্লে দেখে। কোনও পেনাল্টি হয়নি। পেছনে লাগলে কিভাবে হ্যান্ডবল হয়?’ পরের অংশটিতে তিনি যা বলেছিলেন, তা লেখার অযোগ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ওই বক্তব্য কঠোরভাবেইে আমলে নেয় উয়েফা। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর শুক্রবার সংস্থাটি তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। উয়েফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘নেইমার আচরণবিধির ১৫(১)(ডি) ধারা ভঙ্গ করায়’ তাকে দেওয়া হয়েছে এই শাস্তি। গোল ডটকম