খেলাটা ফুটবল দিয়েই হবে। জীবন যাওয়ার মতো যুদ্ধের মঞ্চ নয় এটি। এরপরও ভিদাল কথাটা বলেছেন আসলে চ্যাম্পিয়নস লিগ জিততে তিনি কতটা মুখিয়ে আছেন, তা বোঝানোর জন্য। সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে এই মিডফিল্ডার লড়াই করে যেতে চান শেষ পর্যন্ত।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। ন্যু ক্যাম্পের লেগে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। ইংলিশ ক্লাবটির অ্যাটাকিং ফুটবল প্রতিহত করতে অসাধারণ পারফরম্যান্স ছিল তার। এখন অ্যানফিল্ডের দ্বিতীয় লেগে চোখ রেখে নিজের সর্বোচ্চটা দেওয়ার লক্ষ্য তার।
জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের হয়ে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার। বার্সেলোনার জার্সিতে আক্ষেপটা জুড়াতে ‘জীবন’ দিয়ে খেলার প্রতিশ্রুতি ভিদালের, ‘চ্যাম্পিয়নস লিগ জিততে আমি নিজের সবকিছু দিতে প্রস্তুত। ফিরতি লেগে আমি আমার জীবন দিয়ে দেবো এবং আশা করছি আমরা ফাইনালে খেলতে পারব।’
প্রথম লেগে বড় ব্যবধানে জিতলেও এখনই উপসংহারে পৌঁছে যেতে রাজি নন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা। ভিদালের বক্তব্য, ‘ম্যাচের অনেকটা সময় আমাদের ভুগতে হয়েছে। এখনও ৯০ মিনিট খেলা বাকি আছে। লিভারপুলকে আমরা সম্মান করি, তারা দারুণ দল। (অ্যানফিল্ডে) আরও কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’
বার্সেলোনার জয়ের পথে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। চোখ ধাঁধানো ফ্রি কিক দিয়ে বার্সেলোনার জার্সিতে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনও ক্লাবের হয়ে এই কীর্তি গড়া আর্জেন্টাইন তারকা প্রসঙ্গে ভিদাল বললেন, ‘ও কঠোর পরিশ্রম করেছে। ও এককথায় অবিশ্বাস্য।’ মার্কা