ইনজুরিকে হারিয়ে তৌহিদুলের ফেরার লড়াই

তৌহিদুল আলমবাঁ পায়ে দু-দুবার চোট পেয়েছিলেন তৌহিদুল আলম। প্রথমবার আঘাত পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সেরে উঠে মাঠে ফিরলেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি। গত বছরের জানুয়ারিতে আবারও সেই একই পায়ে আঘাত! সেবার অস্ত্রোপচারের পর খেলাই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু ফুটবলের টান এড়াতে পারেননি।

কঠোর পরিশ্রমের পর মাঠে ফেরার অপেক্ষায় এক সময় জাতীয় দলে খেলা তৌহিদুল। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মোহামেডানের জার্সিতে খেলবেন তিনি। মাঠে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করা তৌহিদুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছি। আমাকে মাঠে ফিরতেই হবে। আশা করি, মোহামেডানের বিখ্যাত সাদা-কালো জার্সিতে আগের মতো খেলতে পারবো।’

দ্বিতীয়বার ইনজুরিতে পড়ে ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন তিনি। সেই দুঃস্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় তাকে, ‘এক পায়ে দুবার আঘাত পেলে কীভাবে ফুটবল খেলা সম্ভব?  দ্বিতীয়বার তো অস্ত্রোপচার করাতে হয়েছিল। তখন মনে হয়েছিল, আর ফুটবলে ফিরতে পারবো না, আমার ক্যারিয়ার শেষ। রাগে-দুঃখে সিদ্ধান্ত নিয়েছিলাম আর ফুটবলই খেলবো না।’

তবে ঢাকার ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন জড়িয়ে থাকা দুই কোচ মারুফুল হক ও আব্দুল কাইয়ুম সেন্টুর অনুপ্রেরণায় মাঠে ফিরেছেন তৌহিদুল। তার কথা, ‘যখন ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন অনেকেই আমাকে ভরসা দিয়েছেন। বিশেষ করে মারুফ স্যার ও সেন্টু স্যার অনেক সাহস দিয়েছেন আমাকে। তাদের জন্যই ফুটবলে ফিরেছি।’

জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছেন ১০টি, যার সর্বশেষটি ২০১৫ সালে। পরের বছর বিশ্বকাপ বাছাই পর্বে ভুটানের বিপক্ষে প্রাথমিক দলে থাকলেও চোটের কারণে ছিটকে পড়েন দল থেকে। সেই দুঃখ আজও ভুলতে পারেননি তৌহিদুল, ‘ভুটানের বিপক্ষে খেলার আশা করেছিলাম। কিন্তু ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ে যাই। অথচ ইনজুরিতে পড়ার আগে লিগে নিয়মিত গোল করছিলাম। আশা করি, এবার পুরোনো রূপে ফিরতে পারবো।’