লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক দৃঢ়কণ্ঠে বলেছেন, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যে কারও মুখোমুখি হতে প্রস্তুত তারা। ৩-০ গোলে হারের পর সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয়ে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফন ডাইক। তার বিশ্বাস, ফাইনালেও রক্ষণ একইভাবে থামিয়ে দিবে যেই আসুক না কেন।
আগামী ১ জুন ওয়ান্দা মেত্রোপলিতানোতে লিভারপুলের বিপক্ষে মুখোমুখি হবে আয়াক্স কিংবা টটেনহাম হটস্পার। বুধবার রাতে দ্বিতীয় লেগে স্পারদের ঘরের মাঠে স্বাগত জানাবে ১-০ গোলে এগিয়ে থাকা ডাচ ক্লাব। এবারের টুর্নামেন্টে দারুণ সব চমক দেখিয়ে রূপকথা লিখে যাচ্ছে তারা।
লিভারপুলের সেন্টার ব্যাক বলেছেন, ‘প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়েছে (আমরা যে কাউকে হারাতে পারি), যখনই আমরা মাঠে নামবো। আমরা কাউকে হারাতে পারবো না মনে করে মাঠে নামতে যাচ্ছি না। দুই দলের জন্যই এই ম্যাচ (বুধবার) কঠিন হতে যাচ্ছে। আমরা দেখতে চাই কে মাদ্রিদে আসবে এবং আমরা প্রস্তুতি নিবো।’ গোল ডটকম