ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল নাকি চেলসি?

অনুশীলনের এক ফাঁকে সেলফি তোলার ভঙ্গি করলেন হ্যাজার্ডরাইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট এবার ঘর ছেড়ে বহু দূরে মুখোমুখি হচ্ছে। ২৫০০ মাইল দূরে অবস্থিত আজারবাইজানের রাজধানী বাকুতে লড়াই করবে আর্সেনাল ও চেলসি। ইউরোপা লিগের ট্রফি ছুঁতেই চেনা দুই প্রতিদ্বন্দ্বী একে অন্যকে মোকাবিলা করবে অচেনা শহরে।

বুধবার রাতে বাকুর অলিম্পিক স্টেডিয়ামে লিগের তৃতীয় দল চেলসির বিপক্ষে খেলবে পাঁচে থেকে শেষ করা আর্সেনাল। দিবাগত রাত ১টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। গুঞ্জন উঠেছে, এই ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে ফরোয়ার্ড এজেন হ্যাজার্ড ও কোচ মাউরিসিও সারির চেলসি অধ্যায়।

৬০ বছর বয়সী সারি অবশ্য এসব গুঞ্জনে কান দিচ্ছেন না। তার চোখ কেবল ট্রফিতে। কোচ হিসেবে কখনও যে তার জেতা হয়নি বড় কোনও শিরোপা। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কোচ উনাই এমেরি সেভিয়ার সঙ্গে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে মহাদেশীয় প্রতিযোগিতায় তার বর্তমান ক্লাবের সাফল্যের স্মৃতিতে জমেছে ধুলো। চেলসি ২০১৩ সালে সবশেষ ইউরোপা লিগ জিতলেও আর্সেনাল ইউরোপের মুকুট পরেছিল ১৯৯৪ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপে।

অনুশীলনে আর্সেনালের ল্যাকাজেত্তে ও গ্রানিত ঝাকাএই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে চ্যাম্পিয়নস লিগেও সরাসরি খেলার যোগ্যতা লাভ করবে আর্সেনাল। তবে পরের চ্যাম্পিয়নস লিগে নয়, এমেরি চান ২৫ বছরের ট্রফিখরা কাটাতে, ‘এখানে দুটি লক্ষ্য আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রফি জেতা। তাহলে স্বাভাবিকভাবে আমরা পরের চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবো।’

নিরাপত্তা শঙ্কায় এই ম্যাচে আর্সেনাল পাচ্ছে না আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরি মিখিতারিয়ানকে। অ্যারন রামজিও খেলেছেন তার শেষ ম্যাচ। আর এই ম্যাচের পরই অবসর নিয়ে নিবেন গোলরক্ষক পিওতর চেখ। চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক শেষবার গানারদের গোলপোস্টে দাঁড়াবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও নেননি এমেরি।

এদিকে ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার অলিম্পিক স্টেডিয়ামে ভক্তের সংখ্যাও হচ্ছে খুবই কম। জানা গেছে, আর্সেনাল ও চেলসির ৫ হাজার দর্শক গ্যালারিতে বসে দেখবে তাদের ম্যাচ। এত কম দর্শকের সামনে যে ম্যাচ জমে উঠবে না সেটা চোখ বন্ধ করেই বলা যায়। তাতে কী! দেশে ফিরেই দর্শকদের সঙ্গে নেচে-গেয়ে শিরোপা উৎসব করতে চায় বিজয়ী দল। অবশ্য ট্রফিটা যার হাতেই উঠুক না কেন, পুরো ইংল্যান্ড ভাসবে আনন্দের সাগরে। চ্যাম্পিয়ন তো হবে ইংলিশ ক্লাবই!