হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উইলিয়ান। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে পেশিতে টান পড়ায় ফাইনালে তাকে পাচ্ছে না ব্রাজিল। আগামী রবিবার নবম শিরোপার লক্ষ্যে মারাকানা স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হবে স্বাগতিকরা।
চোট গুরুতর না হলেও ফাইনালের আগে ফিট হতে পারবেন না উইলিয়ান। বৃহস্পতিবার তার ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার চার ম্যাচ খেলেছেন, প্রত্যেকবার বদলি হিসেবে তাকে মাঠে নামান তিতে। আর্জেন্টাইনদের বিপক্ষেও তিনি বদলি হিসেবে খেলেন।
দলকে ফাইনালে তোলার পথে পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে একটি গোল করেন উইলিয়ান। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটেও লক্ষ্যভেদ করেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা জানায়, আর্জেন্টিনার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান চেলসির এই ফুটবলার। বুধবারই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোট তত গুরুতর না হলেও সুস্থ হতে সময় লাগবে। ফাইনালে না খেললেও দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে দেখা যাবে উইলিয়ানকে।