প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান?

শক্তিশালী ইরান হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষআগামী ১০ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইয়ে ‘নতুন’ অভিযান শুরু বাংলাদেশের। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের আগে একটি ‘প্রস্তুতি’ ম্যাচ খেলবে জেমি ডে’র দল। ওই ম্যাচে প্রতিপক্ষ হতে পারে এশিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী দল ইরান।

আগামী ৪ কিংবা ৫ সেপ্টেম্বর প্রীতি ম্যাচটি হতে পারে কাতারের দোহাতে। এখনও চূড়ান্ত না হলেও দুই ফেডারেশনের মধ্যে আলোচনা চলছে।

বুধবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের আগে আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলব। দলটি হতে পারে ইরান। তাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এখনও খেলার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়নি।’

জাতীয় দলের কোচ জেমি ডে ইরানের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন, ‘ইরানের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে। আমি অপেক্ষায় আছি।’

১৯৮৯ সালে ইরানের বিপক্ষে সবশেষ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগেই হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। প্রথম লেগ ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগ হেরেছিল ২-১ ব্যবধানে।