প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন ‍চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

অভিষেকেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ বসুন্ধরা কিংসেরআগের দিন দুই আবাহনীর ড্রতে বসুন্ধরা কিংসের শিরোপার পথ আরও সুগম হয়। সমীকরণ দাঁড়ায়, ড্র করতে পারলেই প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্ব উঠবে তাদের হাতে। সহজ সমীকরণটা আজই (বৃহস্পতিবার) মিলিয়ে নিলো প্রথমবার প্রিমিয়ার ফুটবলে নাম লেখানো দলটি। মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

২২ ম্যাচে বসুন্ধরা কিংস দ্বিতীয় ড্রতে ৫৯ পয়েন্ট নিয়ে জিতেছে শিরোপা। গত মৌসুমের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এক ম্যাচ বেশি খেলে ৫৫ পয়েন্ট দ্বিতীয় স্থানে। বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হওয়াতে তাদের সন্তুষ্ট থাকতে হলো রানার্স-আপ হয়ে। তাতে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপা জেতার স্বপ্ন থাকলেও পূরণ হলো না সবচেয়ে সফল ক্লাবটির। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ২২ ম্যাচে ষষ্ঠ ড্রতে ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। শেখ রাসেল ২২ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর সাইফ স্পোর্টিং চতুর্থ স্থানে আছে ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচটির নির্ধারিত সূচি ছিল বুধবার। কিন্তু বৃষ্টি ও বজ্রপাতের কারণে ৩ মিনিটের বেশি হতে পারেনি খেলা। আজ কর্দমাক্ত মাঠেই হয়েছে ম্যাচ। বৃষ্টির মধ্যেও স্বাগতিকদের সমর্থন জানাতে বেশ কিছু সমর্থক মাঠে ছিলেন।

যদিও তাদের হতাশ হতে হয় শুরুতে। কেননা ম্যাচের ১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় মোহামেডান। মাঝমাঠ থেকে বল পেয়ে তকলিছ আহমেদ বক্সে ঢুকে জোরালো শট নিলেও গোলরক্ষক আনিসুর রহমান জিকো তা ফিরিয়ে দেন, কিন্তু ফিরতি বলে ফাঁকায় থাকা মালির ফরোয়ার্ড সুলেইমানে দিয়াবাতে প্লেসিং করে উৎসবে ভাসান সাদা-কালোদের।

খানিক পরই বসুন্ধরা কিংস সমতা ফেরাতে পারতো, কিন্তু ২১ মিনিটে কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেসের ক্রসে মতিন মিয়ার শট সাইড বারে লেগে প্রতিহত হয়।

মোহামেডান ৩৫ মিনিটে আবারও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। কিন্তু জাহিদ হাসান এমিলির ক্রসে তকলিছের দুর্বল হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এর মিনিট দুয়েক পরই ম্যাচে সমতা ফেরায় বসুন্ধরা। ৩৭ মিনিটে কোলিনদ্রেসের কর্নার থেকে ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়াস হেড করে স্কোরলাইন করেন ১-১।

বিরতির পর দুই দল আক্রমণ-প্রতি আক্রমণ করে খেললেও গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ওই স্কোরলাইন রেখে ম্যাচ শেষ হলে অভিষেকই বসুন্ধরা নিশ্চিত করে প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা।

রোল অব অনার:

মৌসুম            চ্যাম্পিয়ন                রানার্স-আপ  

২০০৭            ঢাকা আবাহনী           ঢাকা মোহামেডান

২০০৮-০৯       ঢাকা আবাহনী          ঢাকা মোহামেডান

২০০৯-২০১০   ঢাকা আবাহনী          ঢাকা মোহামেডান

২০১০-২০১১   শেখ জামাল             মুক্তিযোদ্ধা সংসদ

২০১২            ঢাকা আবাহনী           মুক্তিযোদ্ধা সংসদ

২০১২-২০১৩   শেখ রাসেল             শেখ জামাল

২০১৩-২০১৪   শেখ জামাল             ঢাকা আবাহনী

২০১৪-২০১৫   শেখ জামাল             শেখ রাসেল

২০১৬             ঢাকা আবাহনী          চট্টগ্রাম আবাহনী

২০১৭-২০১৮   ঢাকা আবাহনী          শেখ জামাল

২০১৮-২০১৯   বসুন্ধরা কিংস           ঢাকা আবাহনী

  • ২০০৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর