লিগে অবনমনের সংখ্যা একটি করার দাবি

প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবের (সাদা জার্সি)এতদিন প্রিমিয়ার ফুটবল লিগ থেকে অবনমন হতো একটি দলের। কিন্তু এ মৌসুমের শুরুতে পেশাদার লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল একটি নয়, দুটি দল নেমে যাবে এবার। এরই মধ্যে বিজেএমসি আর নোফেল স্পোর্টিং ক্লাবের প্রিমিয়ার থেকে চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন নিশ্চিত হয়েছে। কিন্তু এখন সিদ্ধান্তটা পরিবর্তনের দাবি জানাচ্ছে রহমতগঞ্জ, নোফেল এবং সাইফ স্পোর্টিং ক্লাব।

ক্লাব তিনটির দাবি, দুটির বদলে একটি ক্লাবের অবনমন হোক প্রিমিয়ার লিগ থেকে। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চিঠিও দিয়েছে তারা।

নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রিমিয়ার লিগ থেকে অবনমনের আগেই লিগ কমিটির কাছে আমরা চিঠি দিয়েছিলাম। আমরা চাই দুটির পরিবর্তে একটি ক্লাবের যেন অবনমন হয়। এর ফলে আগামী মৌসুমে ১৪টি দল খেলতে পারবে লিগে। জোড় সংখ্যার দল থাকলে সবারই সুবিধা হবে। তাহলে লিগের বিরতিতে কোনও ক্লাবকে পরের ম্যাচের জন্য বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না। এতে করে ক্লাবগুলোর খরচও কমবে।’

এ সম্পর্কে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারির মন্তব্য, ‘লিগে অবনমনের সংখ্যা দুটির পরিবর্তে একটি করতে কয়েকটি ক্লাব আমাদের চিঠি দিয়েছে। লিগ কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে।’