ইউরোপিয়ান দলবদলের জানালা বন্ধ হতে সপ্তাহ খানেকের মতো বাকি। নেইমারের প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার গুঞ্জন এখনও উড়ছে বাতাসে। তাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্পেনের দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল। পিএসজিতে পাড়ি জমানোর পরপরই নেইমারের সান্তিয়াগো বার্নাব্যুতে আসার কথা শোনা গিয়েছিল। সেবার না হলেও চলতি দলবদলে তাকে পেতে চাইছে মাদ্রিদের ক্লাবটি।
নেইমারের বার্সেলোনায় থাকার সময় তাকে আটকাতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রামোসকে। ব্রাজিলিয়ান তারকার সামর্থ্য সম্পর্কে তাই স্প্যানিশ অধিনায়কের খুব ভালো জানা। আর সেই অভিজ্ঞতা থেকেই নেইমারকে প্রশংসার বানে ভাসিয়েছেন তিনি, ‘নেইমার অনেক উঁচু মানের খেলোয়াড়, বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন।’
এরপরও নেইমারের রিয়ালে আসার গুঞ্জনে খুব একটা খুশি নন রামোস। তার বক্তব্য, ‘কোনও খেলোয়াড়কে সই করার আলোচনা চলছে দলে থাকা খেলোয়াড়দের অসম্মান জানানো হয়। রিয়াল মাদ্রিদে এইসব আলোচনা সবসময়ই চলে, সেটা আরও বেড়ে যায় দলবদলের জানালা খুললে।’
কেইলর নাভাসের বার্নাব্যু ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। রামোস অবশ্য আশা করছেন, কোস্টারিকান গোলরক্ষক থেকে যাবেন মাদ্রিদে, ‘সে (নাভাস) বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। গোলরক্ষকের জায়গা নিয়ে সবসময় লড়াই চলে। আমি চাই নাভাস থেকে যাক, কারণ সে অসাধারণ একজন গোলরক্ষক ও সতীর্থ।’ মার্কা