গ্রিয়েজমানের ট্রান্সফারে বার্সেলোনাকে ৩০০ ইউরো জরিমানা!

আন্তোয়ান গ্রিয়েজমানদলবদলের অনিয়মে বার্সেলোনাকে জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আন্তোয়ান গ্রিয়েজমানকে দলে ভিড়ানোর ক্ষেত্রে বিধি ভাঙায় মাত্র ৩০০ ইউরো জরিমানা গুনতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।

এবারের গ্রীষ্মের দলবদলে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় নাম লিখিয়েছেন গ্রিয়েজমান। ১২০ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজ দিয়ে ফরাসি ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে এনেছে তারা। কিন্তু অ্যাতলেতিকোর দাবি, বাইআউট ক্লজের অর্থ কমে যাওয়ার আগেই গ্রিয়েজমানকে সই করেছে বার্সেলোনা। তাদের কাছে এই তথ্যের প্রমাণ আছে দাবি করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে অভিযোগ করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ৩০০ ইউরো জরিমানা করেছে বার্সেলোনাকে।

গত ১ জুলাই গ্রিয়েজমানের ২০০ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজ কমে দাঁড়ায় ১২০ মিলিয়ন ইউরো। এরপর ১২ জুলাই বিশ্বকাপ জয়ী তারকাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা নিয়ে আসে বাইআউট ক্লজের ১২০ মিলিয়ন ইউরো পরিশোধ করে। কিন্তু অ্যাতলেতিকার দাবি, আরও আগেই গ্রিয়েজমানের সঙ্গে চু্ক্তি হয়েছিল বার্সেলোনায়, যখন এই খেলোয়াড়ের বাইআউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। এজন্য তারা কাতালান ক্লাবটির কাছে আরও ৮০ মিলিয়ন ইউরো দাবি করে।

বার্সেলোনা তাদের দাবি প্রত্যাখ্যান করে দিলে অ্যাতলেতিকো অভিযোগ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে। তারই ভিত্তিতে ‘বিধি ভাঙার’ অভিযোগে বার্সেলোনাকে ৩০০ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যমে ন্যু ক্যাম্পে দর্শক নিষিদ্ধ হওয়ার খবর শোনা গিয়েছিল। ঘরের মাঠে দর্শকশূন্য মাঠে খেলার শঙ্কা জন্মেছিল তাদের। যদিও দর্শকের বিষয়টি বিবেচনায় নিয়ে এই নিষেধাজ্ঞা আর দেয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র খবর ছিল, গত মার্চেই গ্রিয়েজমানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছিল বার্সেলোনা। ওই চুক্তির প্রমাণও নাকি আছে তাদের কাছে। যে সময় গ্রিয়েজমানের বাইআউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো। ৮০ মিলিয়ন ইউরো কম দিতেই বার্সেলোনা ১২ জুলাই গ্রিয়েজমানকে সই করার ঘোষণা দেয় বলে দাবি অ্যাতলেতিকোর। গোল ডটকম, মার্কা