দ্বিতীয় পর্বের আশা বাঁচিয়ে রাখলো ইকুয়েডর

শুক্রবার 'ই' গ্রুপের প্রথম ম্যাচে আগুণে পারফর্ম করে সুইজারল্যান্ডকে ২-৫ ব্যবধানে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাই বলে পরের ম্যাচটিও নজরকাড়া ছিল না এমনটি ভাবার কোনও কারণ নেই। হন্ডুরাসকে ১-২ ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। শুক্রবারের রাতে এ ম্যাচে লড়াইটা ছিল সমানে সমান। তবে শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল হন্ডুরাস। ৩২ বছর পর বিশ্বকাপে হন্ডুরাসের হয়ে প্রথম গোলটি করেন কার্লো কস্তলি। কিন্তু হন্ডুরানদের হাসি বেশিক্ষণ মুখে লেগে থাকতে দেয়নি ইকুয়েডর। ঠিক তিন মিনিট পরই তাদের হাসি কেড়ে নেন এনার ভ্যালেন্সিয়া। ৬৫ মিনিটে আবারও হন্ডুরানদের আক্রমণে হানা দেন ভ্যালেন্সিয়া। ওয়াল্টার আইয়োভির পাওয়া ক্রসে হন্ডুরাসের জালে বল জড়ান তিনি। এরপর গোলের দেখা পায়নি হন্ডুরাস। ফলে ১-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। এরমধ্য দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ইকুয়েডর। ফ্রান্সের কাছে সুইজারল্যান্ড বিধ্বস্ত হওয়ার পর ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ইকুয়েডর। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স।