নেইমার-কাইলিয়ান এমবাপেকে ছাড়াই পিএসজি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। প্যারিসের ওই ধাক্কা কাটিয়ে উঠতে আজ ঘরের মাঠে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। বাংলাদেশ সময় রাত ১০-৫৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টু চ্যানেলে।
রিয়ালের চলতি মৌসুমের শুরুটা হয়েছিল নড়বড়ে। লা লিগায় ছন্দহীন ফুটবলে জিদানের চাকরি নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও সময় গড়ানোর সঙ্গে ছন্দে ফেরা রিয়াল এখন লিগ টেবিলের শীর্ষে। মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঘরের মাঠ থেকে গোলশূন্য ড্র করলেও দারুণ পারফরম্যান্স ছিল ‘লস ব্লাঙ্কোদের’ । সেই আত্মবিশ্বাস সঙ্গী করে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেবে বেলজিয়ামের ক্লাবটিকে।
বেলজিয়াম প্রো লিগে শীর্ষে থাকা ক্লাব ব্রুজ আগের ম্যাচে ৫-০ গোলে মেকেলেনকে উড়িয়ে নিয়েছে প্রস্তুতি। মাদ্রিদ ডার্বিতে রিয়াল না জিতলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ জিদান। লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তার।
সোমাবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফরাসি কিংবদন্তি বলেছেন, ‘লা লিগার মতো চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর দরকার। একটি ম্যাচ জিতলেই আমার ছন্দে ফিরব।’ আর সেই ম্যাচটি ক্লাব ব্রুজের বিপক্ষেই চায় রিয়াল ভক্তরা।
রিয়ালের সাবেক খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোও জয় দিয়ে শুরু করতে পারেননি চ্যাম্পিয়নস লিগ। তার দল জুভেন্টাস প্রথম ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ফিরেছিল ২-২ গোলের ড্র নিয়ে। প্রথম জয়ের খোঁজে আজ ঘরের মাঠে ইতালিয়ান চ্যাম্পিয়নরা আতিথ্য দেবে বেয়ার লেভারকুসেনকে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে সনি টেন টু চ্যানেলে।
একই সময় টটেনহাম ঘরের মাঠে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখকে। শক্তি বিবেচনায় আজ রাতের সবচেয়ে জমজমাট লড়াই হওয়া কথা টটেনহাম স্টেডিয়ামের ম্যাচটি। বাংলাদেশের দর্শকরা খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন সনি সিক্স চ্যানেলে।
আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে ডায়নামো জাগরেবকে। অ্যাতলেতিকো মাদ্রিদ প্রথম জয়ের খোঁজে নামবে লোকোমোতিভ মস্কোর মাঠে। আর ফর্মের তুঙ্গে থাকা পিএসজি আতিথ্য নেবে গ্যালাতাসারাইয়ের মাঠে। গোল ডটকম