ম্যানইউর বিপক্ষে আলিসনকে পাওয়ার প্রত্যাশা

আলিসনচোট থেকে সেরে উঠলেও সলজবুর্গের বিপক্ষে আলিসনকে নামানোর ঝুঁকি নিতে চায় না লিভারপুল। বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ান প্রতিপক্ষকে স্বাগত জানাবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ব্রাজিলের এই গোলরক্ষককে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পেতে শতভাগ আশাবাদী প্রিমিয়ার লিগের শীর্ষ দল।

প্রিমিয়ার লিগের এই মৌসুমে নরউইচ সিটির বিপক্ষে প্রথম ম্যাচে কাফ ইনজুরিতে ছিটকে যান আলিসন। সপ্তাহখানেক আগে অনুশীলনে দেখা গেছে তাকে। তাতে করে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় তাকে দেখার প্রত্যাশা জেগেছিল। কিন্তু রোমার সাবেক তারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে প্রস্তুত নয় ক্লপ।

চ্যাম্পিয়নস লিগে আলিসনকে না নামানোর কারণ জানতে চাইলে ক্লপ বলেছেন, ‘প্রথমত আলি’র মতামত, আরেকটি হলো মেডিক্যাল ডিপার্টমেন্ট। তারা একটু সতর্ক থাকতে চায়। আমাদের আরও দেখতে হবে। তাকে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে, কিন্তু এটা ছিল গুরুতর চোট এবং আমরা চাই না কোনও ঝুঁকি নিতে।’

আগামী শনিবার লিস্টার সিটির বিপক্ষেও দেখা যেতে পারে আলিসনকে। কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ জানিয়ে দিয়েছেন লিভারপুল কোচ, ‘দলের সঙ্গে খুব বেশিদিন তার ট্রেনিং করা হয়নি। লিস্টারের (শনিবার) বিপক্ষে আমরা দেখতে পারি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের (২০ অক্টোবর) বিপক্ষে শতভাগ সম্ভাবনা আছে। কিন্তু আমাদের অপেক্ষায় থাকতে হবে।’

আগামী শনিবার লিস্টারের বিপক্ষে ম্যাচ শেষে শুরু হবে আন্তর্জাতিক সূচির বিরতি। এতে করে ক্লাবের জার্সি পরতে নিজের ফিটনেস ফিরে পেতে আরও দুই সপ্তাহ সময় পাবেন আলিসন। বিরতি শেষে লিভারপুলের প্রথম ম্যাচ ম্যানইউর বিপক্ষে।