এখনও ক্লপের সেরা ডিফেন্ডার ফন ডাইক

ক্লপের সঙ্গে ফন ডাইকনাপোলির কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করে লিভারপুল। বিতর্কিত পেনাল্টিতে প্রথমবার পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নরা। পরের গোল তারা হজম করে ভার্জিল ফন ডাইকের হাস্যকর ভুলে। এরপরও ডাচ ডিফেন্ডারের ওপর আস্থা হারাচ্ছেন না কোচ ইয়ুর্গেন ক্লপ।

সান পাওলোতে দুটি গোলই হয়েছিল শেষ ১০ মিনিটে। দ্রিয়েস মের্টেন্স ও ফের্নান্দো লরেন্তের লক্ষ্যভেদে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ইতালিয়ান জায়ান্টরা। এই হারে বুধবার দ্বিতীয় ম্যাচে সলজবুর্গের বিপক্ষে কিছুটা চাপে থাকছে লিভারপুল। ক্লপ জানালেন, কেবল এক ম্যাচ দিয়ে কারও পারফরম্যান্স মূল্যায়ন করার পক্ষে তিনি নয়। ফন ডাইকের ওপর আগের মতোই বিশ্বাস আছে তার।

এখনও কি ফন ডাইককে বিশ্ব সেরা মনে করেন? উয়েফা বর্ষসেরা খেলোয়াড়কে নিয়ে করা এই প্রশ্নে ক্লপের সোজাসাপ্টা জবাব, ‘আমি এখনও তেমনটা মনে করি। আমার সব ডিফেন্ডারকে নিয়ে আমি খুশি। কিন্তু হ্যাঁ, সে (ফন ডাইক) এই মুহূর্তে সেরা।’

নাপোলির মাঠে হেরেও আত্মবিশ্বাস ‍চূর্ণ হয়নি দলের। প্রিমিয়ার লিগে শতভাগ সাফল্য বজায় থাকলেও এবার চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় ফিরতে চান ক্লপ, ‘নাপোলিকেও লিভারপুলে আসতে হবে, এখনই সবকিছু চূড়ান্ত হয়নি। আমরা ম্যাচটা হেরে গেছি, এটাই হলো ব্যাপার। আমাদের জিততে শুরু করতে হবে।’ গোল ডটকম