প্রথম ম্যাচে বৃষ্টি ভেজা মাঠে ভুটানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবনের জোড়া লক্ষ্যভেদে ৪-১ গোলের বড় জয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিকরা। এবারও বড় জয়ের স্বপ্ন তাদের চোখে। ওই দুর্দান্ত জয় জামাল-জীবনদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সেটা আরও পোক্ত হবে টানা জিতলে। তাছাড়া ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্যও এই ম্যাচে সাফল্যের হাসি হাসতে চায় বাংলাদেশ। সবচেয়ে বড় ব্যাপার, টানা জয় পেলে কাতার ও ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে না তাদের।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া তো বলেই দিয়েছেন, ‘কাতার ম্যাচের আগে আমাদের প্রস্তুতি ভালো চলছে। ভুটানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ভালো ফল পেতে চাই। ভুটানের বিপক্ষে আমরা আক্রমণাত্মক খেললেও কাতারের বিপক্ষে হয়তো রক্ষণাত্মক খেলতে হবে। আমাদের প্রস্তুতি ওভাবেই চলছে।’
জীবন নিজেও আশাবাদী, এই পারফরম্যান্স ধরে রাখতে চাইছেন তিনি, ‘জাতীয় দলে গোল না পাওয়া নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। অনেকে কটু কথাও বলেছেন। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে অনেক দিন পর নিজেকে খুঁজে পেলাম। আগের চেয়ে আমার আত্মবিশ্বাস বেড়েছে। এই ম্যাচেও আমাকে গোল পেতে হবে, যেন দল জিততে পারে।’
আজও সকাল থেকে ঝরেছে ভারী বৃষ্টি। আবারও ভেজা মাঠে খেলার শঙ্কা। এনিয়ে বেশি দুশ্চিন্তায় আছেন ভুটান কোচ পেমা দর্জি। কারণ তার দল এমন মাঠে খেলতে অভ্যস্ত নয়। তবে যে পরিস্থিতি হোক না কেন জিতে দেশে ফিরতে চাইছেন ভুটান অধিনায়ক চেনচো গেইলশেন, ‘আমরা জিততে চাই। দ্বিতীয় ম্যাচে হয়তো ঘুরে দাঁড়াবে দল, এই আশায় আছি। আমাদের দলে নতুন খেলোয়াড় বেশি। তাদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ভালো দল। প্রথম ম্যাচে তারা আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে দ্বিতীয় ম্যাচে আমরা লড়াই করে ম্যাচ জিততে চাই।’