ইউরো বাছাইয়ে ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে তারা মুখোমুখি হবে তুরস্কের। ‘এইচ’ গ্রুপে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।
সামনের দুই ম্যাচের জন্য ফরাসি কোচ দিদিয়ের দেশম দল ঘোষণা করেছেন। যে দলে জায়গা হয়নি পগবার। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পায়ের সমস্যায় ভুগছেন। এজেড আলকমারের বিপক্ষে ইংলিশ ক্লাবটির ইউরোপা লিগের স্কোয়াডে নেই তিনি। যদিও সোমবার আর্সেনালের বিপক্ষে রেড ডেভিলদের ১-১ গোলের ড্রয়ের ম্যাচে খেলেছেন পগবা।
চেলসি মিডফিল্ডার কঁতে মৌসুমের শুরু থেকেই ভুগছেন ইনজুরিতে। যে কারণে গত মাসে আলবেনিয়া ও অ্যান্ডোরার বিপক্ষে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন না। এমবাপেও ম্যাচ দুটিতে খেলতে পারেননি চোটে। তবে ইনজুরি কাটিয়ে দেশমের দলে ফিরেছেন প্যারিস সেন্ত জার্মেই তারকা।
ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: আলফোন্স আরিয়োলা, উগো লরি, স্তিভ মঁদঁদা; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা; মিডফিল্ডার: এনগোলো কঁতে, ব্লাইস মাতুইদি, তঁগি এনদোম্বেলে, মুসা সিসোকো, করেতিঁ তোলিসো; ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আন্তোয়ান গ্রিয়েজমান, জোনাথান ইকোন, থোমাস লিমার, কাইলিয়ান এমবাপে।