৪০ বছর পর ম্যানসিটির মাঠে জিতলো উলভস

ম্যানসিটির জাল দুইবার কাঁপান ট্রাওরেসহজ জয়ের প্রত্যাশা নিয়ে ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ দিকে দুই গোল করে লিগ চ্যাম্পিয়নদের চমকে দিলো উলভস। অ্যাডামা ট্রাওরের জোড়া লক্ষ্যভেদে ২-০ গোলে ৪০ বছর পর ম্যানসিটির মাঠে জিতে ইতিহাস গড়লো তারা।

রবিবার এই হারে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপার মিশনে বড় ধাক্কা খেলো ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়ালো ৮ পয়েন্টে। লিভারপুল ৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সিটিজেনদের অর্জন ১৬ পয়েন্ট।

রক্ষণের ভুলে খেলার শেষ দিকে দুটি গোল হজম করে ম্যানসিটি। গোলের প্রথম সুযোগ তৈরী করেছিল উলভস। একা গোলরক্ষককে পেয়েও গোলপোস্টের পাশ দিয়ে বল মারেন প্যাট্রিক কুত্রোনে। আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট করে অতিথিরা, কুত্রোনে ও রাউল হিমেনেসের প্রচেষ্টা ব্লক করেন ফের্নান্দিনিয়ো। উলভসের দারুণ আক্রমণের পাল্টা জবাবে প্রথম ৩০ মিনিটে লক্ষ্যে শট নিতে ব্যর্থ হয় সিটিজেনরা।

ঘরের মাঠে হেরে গেলো ম্যানসিটিদ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। দাভিদ সিলভার ফ্রি কিক ক্রসবারে আঘাত করলে গোলের দেখা পায়নি ম্যানসিটি। কয়েক ‍মুহূর্ত পর ক্যানসেলো বক্সের মধ্যে খুঁজে পান বার্নার্দো সিলভাকে, কিন্তু তার লক্ষ্যে নেওয়া শট সের্হিয়ো আগুয়েরোর গায়ে লেগে ফিরে যায়।

ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে চমৎকার কাউন্টার অ্যাটাকে গোলমুখ খোলে ম্যানসিটি। হিমেনেস দারুণ ড্রিবলিংয়ে নিকোলাস ওতামেন্দিকে পেছনে ফেলে ট্রাওরেকে পাস দেন। স্প্যানিশ উইঙ্গার নিচু শটে এদারসনকে পরাস্ত করে উলভসকে এগিয়ে দেন। সিটির সমতা ফেরার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অতিথিরা ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে জয় নিশ্চিত করে। হিমেনেসের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে দ্বিতীয় গোলটিও করেন ট্রাওরে।

২০১০ সালের পর এই প্রথম ম্যানসিটি বধ করলো উলভস। আর ইতিহাদে তারা জিতলো ১৯৭৯ সালের পর। প্রায় ১০ মাস পর ঘরের মাঠে হারলো ম্যানসিটি, এর আগে গত ২২ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেস ৩-২ গোলে জিতেছিল ইতিহাদে। আর গত বছরের মে মাসের পর প্রথমবার ঘরের মাঠে কোনও গোল করতে ব্যর্থ হলো সিটিজেনরা।

লিগ মৌসুমে অষ্টম গোল করেন ট্যামি আব্রাহামদিনের আরেক ম্যাচে চেলসি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাউদাম্পটনকে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে প্রথমবার লিগে টানা ম্যাচ জিতলো ব্লুরা।

মৌসুমের অষ্টম লিগ গোল করে ১৭ মিনিটে চেলসিকে এগিয়ে দেন ট্যামি আব্রাহাম। ম্যাসন মাউন্ট ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের আধঘণ্টা হতেই ড্যানি ইনগস গোল শোধ করে সাউদাম্পটনের আশা জাগিয়ে রাখেন। কিন্তু বিরতির ৫ মিনিট আগে এন’গোলো কাঁতে তৃতীয় গোল করলে চেলসির স্বস্তি ফেরে। ৮৯তম মিনিটে মিচি বাতশুয়েই চতুর্থবার জালে বল জড়ান।

এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। সমান পয়েন্টে তাদের ঠিক ওপরে লিস্টার। একই পয়েন্ট নিয়ে ষষ্ঠ ক্রিস্টাল প্যালেস।

আর্সেনাল কষ্টের জয় পেয়েছে এএফসি বোর্নমাউথের বিপক্ষে। ৯ মিনিটে দাভিদ লুইজের লক্ষ্যভেদে ১-০ গোলে জিতেছে তারা। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেছে গানাররা।

ম্যানইউ ১-০ গোলে হেরেছে নিউক্যাসেল ইউনাইটেডের মাঠে। স্বাগতিকদের একমাত্র গোল করেন ম্যাথু লংস্টাফ। ৭২ মিনিটের ওই লক্ষ্যভেদে লিগে টানা ৮ ম্যাচ প্রতিপক্ষের মাঠে জিততে পারলো না ইউনাইটেড। এই হারে ৯ পয়েন্ট নিয়ে ১২তম তারা।