কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সমালোচনা করায় তিন মাসের নিষেধাজ্ঞায় আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি। দলে জায়গা হয়নি সের্হিয়ো আগুয়েরো ও আনহেল দি মারিয়ার।
তিন তারকার অনুপস্থিতিতে আর্জেন্টিনার ভরসা লাউতারো মার্তিনেস, রবের্তো পেরেইরা ও পাউলো দিবালারা। বিশেষ করে মার্তিনেস, গত ৭ ম্যাচের ৬টি খেলেছেন তিনি। এই স্ট্রাইকার মেক্সিকোর বিপক্ষে শেষ ম্যাচে হ্যাটট্রিক সহ করেছেন ৫ গোল। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডকে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ বলেছেন কোচ লিওনেল স্কালোনি।
চোটে জর্জর একটি দল নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি প্রীতি হলেও তিন দিন পর এস্তোনিয়ার মাঠে ইউরো বাছাইয়ে নামার আগে দল নিয়ে নতুন পরিকল্পনা খানিকটা ভাবাচ্ছে কোচকে। এক কথায় বলতে গেলে, ল্যোভের সামনে কঠিন পরীক্ষা।
মেক্সিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মানদের মোকাবিলা করবে আর্জেন্টিনা। সবশেষ তাদের দেখা হয়েছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। বিশ্বকাপ ফাইনালে হারের শোধ তারা তুলেছিল ৪-২ গোলে জিতে। ৫ বছর পর সেই সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য তাদের।